রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় গতকাল রোববার নাভানা থ্রি এস সেন্টারে অনুষ্ঠিত সপ্তম টয়োটা স্বপ্নের গাড়ি আঁকা প্রতিযোগিতা-২০১৩ শেষে নয়জন প্রতিযোগীর নাম চূড়ান্ত হয়েছে। এদের আঁকা ছবি চূড়ান্ত প্রতিযোগিতার জন্য পাঠানো হবে জাপানে। ভবিষ্যতে কেমন গাড়িতে চড়তে চায় শিশুরা, তা জানা এবং শিশুদের কল্পনাকে বিকশিত করার লক্ষ্যে ২০০৪ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছে টয়োটা মোটর সেলস অ্যান্ড মার্কেটিং করপোরেশন। বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে নাভানা লিমেটেড। জাতীয় পর্যায়ে বিজয়ী বেশ কয়েকজন বাংলাদেশি প্রতিযোগী এর আগে জাপানে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিভিন্ন শ্রেণীতে পুরস্কার জিতেছে।এবারের প্রতিযোগিতায় এ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সাদিয়া আফরিন, নাফিজ মাহফুজ ও মাইশা মাহফুজ। বি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ফারহানা রহমান, ফাতেমা বিনতে ইউনুস ও কাকলি সূত্রধর। সি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাসনুভা হায়দার, মাইশা মালিহা সিদ্দিকি ও নাফিসা ইসলাম। ৩ থেকে ১৫ বছরের শিশুদের মধ্যে তিন শ্রেণীতে দেশের বিভিন্ন স্কুল ও সংগঠন থেকে পাওয়া তিন হাজার ৫০০ ছবির মধ্য থেকে বাছাইয়ের পর ঢাকায় হয় চূড়ান্ত পর্ব। এ পর্বে অংশ নেয় ১৮০ জন। বিজ্ঞপ্তি।