বিজয়ী মেয়রদের অভিনন্দন
চার সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল রোববার পৃথক বিবৃতিতে তারা তাদের প্রতিক্রিয়া প্রকাশ করে। গত শনিবার রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে চারটি সিটিতেই বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী অভিনন্দন বার্তায় বলেছেন, চার সিটিতে বিরোধীদলীয় প্রার্থীদের এই বিজয় প্রমাণ করে, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচনে জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে।বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান বলেন, নির্বাচনে সরকারদলীয়দের পরাজয়ে প্রমাণ হয়েছে, রাষ্ট্র পরিচালনায় নেতৃত্বের পরিবর্তন এখন সময়ের দাবি। গণতান্ত্রিক বাম মোর্চা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ এক যৌথ সভায় বলেছে, মহাজোট সরকারের গণবিরোধী শাসনের বিরুদ্ধে গণবিক্ষোভের বহিঃপ্রকাশ।নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে আরও বিবৃতি দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বরিশাল বিভাগ সমিতি, ভাড়াটিয়া পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতি।নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ: কিছু বিচ্ছিন্ন ঘটনা ও অসংগতি থাকলেও গত শনিবার অনুষ্ঠিত চারটি সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দুটি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ব্রতী ও ফেমা। গতকাল দুটি প্রতিষ্ঠান সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তাদের প্রাথমিক প্রতিবেদনে এ কথা বলেছে।ফেমা তাদের প্রতিবেদনে বলেছে, নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কয়েকটি ঘটনা পরিবেশকে কিছুটা বিঘ্নিত করেছে। নির্বাচনে নারী ভোটার ও মোট ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক।