বিজয়ী ১০ জন ঈদকার্ডে বাবা-মাকে শ্রদ্ধা
‘প্রিয় বাবা-মা, তোমাদের জন্যই আমার এই পৃথিবীতে আগমন ঘটেছে এবং তোমাদের জন্যই আমি প্রতিবছর সুন্দরভাবে ঈদ উদ্যাপন করতে পারছি...।’ বাবা-মাকে এভাবে শুভেচ্ছা জানিয়ে একটি ঈদকার্ডের নকশা করেছে পঞ্চগড়ের সপ্তম শ্রেণির আশরাফি রাইয়ান।
আরেকটি শিশু তার ঈদকার্ডে লিখেছে, ‘হ্যাভ এ নাইস ঈদ ডে ম্যামি-ড্যাডি।’ শিশু-কিশোরদের ঈদকার্ডের নকশা করার এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজক প্রথম আলো। ‘এবার নিজেই করো আব্বু-আম্মুর জন্য ঈদকার্ডের নকশা’ আহ্বানে দ্বিতীয়বারের মতো এই আয়োজনে সহযোগিতা করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সুপার মম।
গতকাল মঙ্গলবার রাজধানীর সিএ ভবন মিলনায়তনে এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ করেন বিচারকেরা। বিচারক ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, সমরজিৎ রায়চৌধুরী, আবুল বারক আলভী ও অশোক কর্মকার।
৯ জুলাই থেকে ২০ জুলাই অনুষ্ঠিত ‘মেরিল বেবি-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা’ শীর্ষক এই আয়োজনে অংশ নেয় সারা দেশের এক হাজার ৮৯০ জন। এর মধ্যে ১০ জনকে বিজয়ী নির্ধারণ করেন বিচারকেরা। তাদের ১০টি নকশা ছাপা হবে প্রথম আলোতে। আর এ নকশাগুলো দিয়ে তৈরি ঈদকার্ডগুলো পৌঁছে যাবে পাঠকের কাছে। এ ছাড়া এই ১০ জনের প্রত্যেকেই উপহার হিসেবে পাবে ১০ হাজার টাকা।
এই প্রতিযোগিতায় ১০ বছরের কম বয়সীরা ‘ক’ বিভাগ এবং ১৫ বছরের কম বয়সীরা ‘খ’ বিভাগে অংশ নেয়।
‘ক’ বিভাগে বিজয়ীরা হলো: নওশিন আহমেদ সূচি, সাফির আইডিয়াল, আজিমপুর, ঢাকা; সাম্য কর, সেন্ট প্লাসিডস হাইস্কুল, কালী চক্রবর্তী কলোনি, চট্টগ্রাম; আরিয়ান ইসলাম, মাহাত স্কুল অ্যান্ড কলেজ; মাইশা আহমেদ, আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুল, গ্রিন রোড, ঢাকা; শেখ মোহাম্মদ আহনাফ আদিব, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
‘খ’ বিভাগের বিজয়ীরা হলো: মনিরা রহমান, মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়, আজমেরী নতুন কোর্ট, ফতুল্লা, নারায়ণগঞ্জ; ফারিহা আহমেদ, মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, বেগম রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা; রাবেয়া বস্রী রাত্রি, সেন্ট ফ্র্যান্সিস ডেভিয়ার্স গার্লস হাইস্কুল, ফরাশগঞ্জ, ঢাকা; তানভীর সামস্ চৌধুরী, বাংলা হিলি পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ, মধ্য বাসদেবপুর, হাকিমপুর, দিনাজপুর; সালমা খানম, জনতা ডিগ্রি কলেজ, ডিমলা, নীলফামারী।