বিজয়ীর কর্মীকে পিটিয়ে জখম
জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থীর কর্মী উত্তম কুমারকে গত বুধবার পিটিয়ে জখম করেছেন পরাজিত কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবলীগের সভাপতি রবিউল ইসলাম। উত্তমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তম বুধবার রাতে রবিউলের বিরুদ্ধে কালাই থানায় মামলা করেছেন। এদিকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ওই এলাকার সংখ্যালঘু পরিবারের সদস্যরা বুধবার রাতে রবিউলের বিরুদ্ধে থানায় ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।মামলা ও জিডি সূত্রে জানা গেছে, কালাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর সাজ্জাদুর রহমানের নির্বাচনী ক্যাম্পে যাওয়ার অভিযোগে নির্বাচনের কয়েক দিন আগে রবিউল ইসলাম জুয়েলারি ব্যবসায়ী উত্তম কুমারকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিজয়ী পৌর মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বিষয়টি মিটিয়ে দেন। উত্তম কুমার তাঁর স্ত্রী স্কুলশিক্ষিকা অর্ণিমা রানীকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ফেরার পথে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কালাই কর্মকারপাড়া সাঁকোর ওপর ওঠামাত্র রবিউল ইসলাম তাঁর সহযোগীদের নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে রড ও লাঠি দিয়ে উত্তমকে বেদম মারপিট করেন। স্থানীয় লোকজন উত্তমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনার পরপরই রবিউল কর্মকারপাড়ার বেশ কয়েকটি হিন্দু পরিবারের সদস্যদের হুমকি দেন।উত্তমের শ্বশুর ও মুক্তিযোদ্ধা মন্টু চন্দ্র মহন্ত অভিযোগ করেন, রবিউলের ভয়ে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না। এ অবস্থায় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।অভিযোগের ব্যাপারে রবিউল ইসলাম বলেন, ‘নির্বাচনের জের ধরে নয়, জমিজমাসংক্রান্ত বিষয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তমকে দু-একটি চড়-থাপড় মেরেছি। কাউকে হুমকি দেওয়া হয়নি।’কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে একটি মামলা ও বেশ কয়েকটি জিডি হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি গভীরভাবে আমলে নিয়ে সেখানে পুলিশ টহল জোরদার করা হয়েছে।