বিজয়ীর সমর্থকের মাছ লুট
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা বিজয়ী প্রার্থীর এক সমর্থকের পুকুর থেকে মাছ লুট করে নিয়ে গেছে। এ ছাড়া মারধর করে আহত করেছে বিজয়ী প্রার্থীর অপর এক সমর্থককে। রোববার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর ও পাখিমারা বাজারে ঘটনা দুটি ঘটেছে।নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের দরিদ্র কৃষক আবদুস সোবহান মৃধা (৬৫) অভিযোগ করেন, ‘মোস্তফাপুর গ্রামের কবির সিকদারের নেতৃত্বে গৈয়াতলা গ্রামের লিটন, কুমিরমারা গ্রামের কবির গাজী, পাখিমারা গ্রামের এলাহীসহ অন্তত ১৫-২০ জন সন্ত্রাসী রোববার সকাল ১০টায় হঠাৎ কইর্যা মোর বাড়ি ব্যার দেয় ও ঘরের মধ্যে আটকাইয়া রাহে। হেইয়ার পর সন্ত্রাসীরা পুকুরে জাল মাইর্যা রুই-কাতলাসহ কার্পজাতের ১০-১২ মণ মাছ ধইর্যা লইয়া যায়। অগো অনুরোধ কইর্যাও কতা হুনাইতে পারি নাই। এই সব সন্ত্রাসী পরাজিত চেয়ারম্যান প্রার্থী নাসিরউদ্দিন মাহমুদের সমর্থক।’ ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের বাসিন্দা আবদুর রহমান রাঢ়ী বলেন, ‘অরা দলবলে আইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে, হেইয়ার পর পুহুরে নাইম্যা জাল দিয়া মাছগুলা ধইর্যা লইয়া যায়।’ পরাজিত চেয়ারম্যান প্রার্থী নাসিরউদ্দিন মাহমুদ এ ব্যাপারে বলেন, ‘এ ঘটনার কোনো সত্যতা নাই। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। নীলগঞ্জ ইউনিয়নে শান্তিপূর্ণ অবস্থা থাকুক এটাই আমি চাই।’