বিজয়ের অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হলেন এক মুক্তিযোদ্ধা
চিকিৎসা নিয়ে সুস্থ হলেও টাকা দিতে না পারায় তাঁকে ছাড়পত্র দেয়নি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাই বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে পারেননি মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ (৬৮)। এমনকি হাসপাতাল থেকে তাঁকে খাদ্য সরবরাহও করা হয়নি। হাসপাতাল ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, পেটের পীড়া নিয়ে ৭ ডিসেম্বর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পুরুষ সার্জিক্যাল ৮ নম্বর ওয়ার্ডে ৯ নম্বর শয্যায় ভর্তি হন আবদুল ওয়াদুদ। ১৫ ডিসেম্বর সুস্থ হলেও ৩০ হাজার টাকার চিকিৎসা খরচ হওয়ায় এ টাকা দিতে না পাড়ায় তাঁকে হাসপাতালের একটি কক্ষে আটকে রাখা হয়।মুক্তিযোদ্ধা ওয়াদুদের ছেলে ঠেলাগাড়ির চালক আক্তার মিয়া জানান, ভারতের ত্রিপুরার লেবুচড়া এলাকা থেকে তাঁর বাবা মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছেন দেশের জন্য। অথচ বিজয় দিবসে হাসপাতালে টাকা দিতে পারেননি বলে তাঁকে আটকে রাখা হয়েছে। গতকাল শুক্রবার সারা দিন তিনি না খেয়েছিলেন।মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদের স্ত্রী রেহেনা আক্তার জানান, আর্থিক ক্ষমতা থাকলে বিজয়ের দিন স্বামীকে কোনো অবস্থাতেই হাসপাতালে আটক থাকতে দিতেন না। হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দিতে না পারায় তাঁকে আটক করে রেখেছে।উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. নূরুল হক বলেন, ‘বিজয় দিবসে একজন মুক্তিযোদ্ধাকে হাসপাতাল কর্তৃপক্ষ আটকে রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল ও বেআইনি। এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।’কিশোরগঞ্জের সিভিল সার্জন হুসাইন সারোয়ার খান জানান, একজন রোগীকে হাসপাতালে টাকার জন্য আটকে রাখা আইনসংগত নয় এবং সম্পূর্ণ অমানবিক ও অপরাধজনক কাজ। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক বাহার উদ্দিন বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদকে গতকাল খাবার দেওয়া হয়নি। পরে খাবার সরবরাহের জন্য তাৎক্ষণিকভাবে নির্দেশ দেয়। হাসপাতালের চিকিৎসার খরচ দিতে না পারায় ছাড় দেওয়া হয়নি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।