বিজয়ের আনন্দে ভাসল দেশ
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় ৪৪তম বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘মুক্তির ফুলবাড়ী’ বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানায়। বিকেলে প্রশাসনের আয়োজনে জিলা স্কুলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও আমিনুল হক দুলাল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।
আদমদীঘি (বগুড়া): রাত ১২টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনির পর নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে নওগাঁ স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. এনামুল হক ও পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সিরাজগঞ্জ: প্রথম প্রহরে তোপধ্বনির পর সিরাজগঞ্জ বাজার স্টেশনে অবস্থিত মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
পাবনা: তোপধ্বনির পর পাবনা সদর আসনের সাংসদসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’য় পুষ্পস্তবক অর্পণ করে। সকালে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ হয়।
নাটোর: দিবসের প্রথম প্রহরে শহরের কানাইখালী এলাকায় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দুপুরে কানাইখালী মাঠে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
পঞ্চগড়: সকালে সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার আবুল কালাম আজাদ অভিবাদন গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে পৌরসভা ও সদর উপজেলার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে।
কুড়িগ্রাম: বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলে একযোগে বিজয় উৎসব উদ্যাপিত হয়। সকালে দাশিয়ারছড়া কালীর হাট বাজারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ শেষে সমাবেশ হয়।
রংপুর: মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। বেলা ১১টায় রংপুর টাউন হলে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মাননা দেওয়া হয়।
লালমনিরহাট: রাতের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরুর পর সকালে শেখ কামাল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শিশু ও কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক উপস্থাপনা প্রদর্শন করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বর থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়।
নীলফামারী: সকালে নীলফামারী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকালে জেলা পরিষদ মার্কেটে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়।
ঠাকুরগাঁও: রাত ১২টা এক মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘অপরাজেয় ৭১’-এ পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। সকাল নয়টায় ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিনাজপুর: রাত ১২টা এক মিনিটে দিনাজপুর কালেক্টরেট প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে জাতীয় সংসদের হুইপ দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম এবং জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া সকালে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
গাইবান্ধা: সকালে গাইবান্ধা শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে চার শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।