বিজয়ের আনন্দে ভাসল দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, তোপধ্বনি, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ৪৪তম বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সার্কিট হাউস চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। জেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভোরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল সাড়ে আটটায় পটুয়াখালী স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপাচার্য মো. শামসুদ্দীন।
নড়াইল: সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। এর আগে ভোরে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি ও গণকবরে জেলা প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
ফরিদপুর: সকাল আটটায় শহরের গোয়ালচামট এলাকায় শহীদ স্মৃতিফলকে জেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, সিপিবি, প্রথম আলো বন্ধুসভা, মহিলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ ছাড়া কবি জসীমউদ্দীন হলে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, ফরিদপুর মেডিকেল কলেজের ২৩তম ব্যাচের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুষ্টিয়া: জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি ছাড়াও আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো শহরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনির পর কুষ্টিয়া শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। পরে কুষ্টিয়ার পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দেন। সকালে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
মেহেরপুর: ভোর সাড়ে ছয়টায় শহরের কলেজ মোড়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, মহিলা সাংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর আগে শহীদ শামসুজ্জোহা পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। পরে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। জেলা প্রশাসক মাহমুদ হোসেন ও পুলিশ সুপার হামিদুল আলম কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন।
চুয়াডাঙ্গা: সকালে চুয়াডাঙ্গা স্টেডিয়ামে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়। দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ সাংবাদিক মোহাম্মদ আলীর পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): সকালে পিরোজপুরের বলেশ্বর ঘাট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এতে পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা: সকাল আটটায় সাতক্ষীরা স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সেখানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করে স্কুল-কলেজসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ, সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির প্রমুখ।