বিজয়ের আনুষ্ঠানিকতা থাকবে জয়িতায়
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পণ্যসামগ্রী বিপণন কেন্দ্র ‘জয়িতা’ বিজয় দিবস উপলক্ষে তিন দিনের বিশেষ কর্মসূচি নিয়েছে।এই কর্মসূচির মধ্যে রয়েছে: কাল ১৬ ডিসেম্বর একাত্তরের চিঠি পাঠ ও স্বাধীনতার গান; ১৭ ডিসেম্বর বাউল ও গম্ভীরা গান এবং ১৮ ডিসেম্বর বাউল গানের আসর। প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে ধানমন্ডির রাপা প্লাজার জয়িতা ফ্লোরে (পঞ্চম তলা)।গতকাল বুধবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। জয়িতা ফ্লোরে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচির অধীনে জয়িতা পরিচালিত হচ্ছে। এটি উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগগুলোকে সহায়তা দেওয়ার একটি প্ল্যাটফর্ম। এখানে তৃণমূলের ক্ষুদ্র নারী উদ্যোক্তারা সরাসরি পণ্য বাজারজাত করার সুযোগ পাচ্ছেন। তবে জয়িতায় শুধু পণ্য বাজারজাতই হবে না, এখানে বিভিন্ন জাতীয় উৎসবও পালন করা হবে। সংবাদ সম্মেলনে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন জয়িতার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে বলেন, অধিদপ্তরের মাধ্যমে জয়িতা কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। অধিদপ্তরের নিবন্ধন করা ১৯৪টি সমিতি জয়িতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এতে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করা ছাড়া সরকার ব্যবসা করছে না। এখানে পণ্য বিক্রির দায়দায়িত্ব উদ্যোক্তাদের নিজস্ব। তবে যুগের সঙ্গে তাল মেলানোর জন্য প্রশিক্ষণ, পরামর্শসহ বিভিন্ন বিষয়ে উদ্যোক্তাদের সহযোগিতা করা হবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অধিদপ্তরের পরিচালক কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।