ঝলমলে উত্সবমুখর প্রথম প্রহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলো ঝলমলে হাইকোর্ট ভবন। ছবি: গোলাম মর্তুজা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলো ঝলমলে হাইকোর্ট ভবন। ছবি: গোলাম মর্তুজা

টানা হরতাল, অবরোধ আর সহিংসতার মধ্যেও বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপনে ঘরের বাইরে বের হয়েছিলেন অনেক মানুষ। পরিবার-পরিজন নিয়ে, গাড়ি-মোটরসাইকেলের সামনে জাতীয় পতাকা লাগিয়ে অনেকে ঘুরে বেড়িয়েছেন শহরজুড়ে। কেউবা মাথায় জাতীয় পতাকা বেঁধে, গালে পতাকা এঁকে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগে। সব মিলিয়ে এক উত্সবমুখর পরিবেশ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নগরজুড়ে আলোকসজ্জা দম বন্ধ করা পরিবেশে স্বস্তির পরশ বুলিয়েছে। সরকারি-বেসরকারি ভবন, মোড় ও গোলচত্বরগুলোতে আলোকসজ্জায় রাতের রাজধানী যেন অন্য এক রূপ লাভ করেছে।

হরতাল শেষে গতকাল সন্ধ্যা থেকে রাজধানীর রাস্তায় যানবাহনের চাপ বাড়তে থাকে। কয়েক দিনের টানা অবরোধে সহিংসতার কারণে রাত হতে না হতেই যে রাস্তাগুলো ফাঁকা হয়ে যেত, গতকাল রাতে সেই রাস্তাগুলোতে অনেক যানবাহন চলাচল করেছে। ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেলে দল বেঁধে ঘুরেছেন অনেকে। আলো দিয়ে সজ্জিত অনেক জায়গায় পরিবার নিয়ে ছবি তুলতেও দেখা যায় অনেককে।

লাল সবুজ বাতি দিয়ে সাজানো হয়েছে সেচ ভবন। ছবি: গোলাম মর্তুজা
লাল সবুজ বাতি দিয়ে সাজানো হয়েছে সেচ ভবন। ছবি: গোলাম মর্তুজা

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে রকিবুল হাসান ও রওশন আরা দম্পতির দেখা মেলে। দুই শিশুপুত্র নিয়ে দোয়েল চত্বরের সামনে ছবি তুলছিলেন তাঁরা।
রকিবুল বলেন, তাঁর বড় ছেলে স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে। দীর্ঘদিন চলার পর শুক্রবার পরীক্ষা শেষ হয়েছে। ঘরবন্দী থাকতে থাকতে শিশুরা হাঁপিয়ে উঠেছে। তাঁর স্ত্রীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে যেতে চাইলেও পরিস্থিতির কারণে যাওয়া হয়ে উঠছে না। তাই গত রাতে বের হয়েছিলেন পরিবার নিয়ে।
টিএসসির দেয়ালে বসে চা-পান করছিলেন একদল তরুণ। বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া এসব তরুণের একজন ইমরান হোসেন। তিনি  বলেন, ‘আজকে সত্যিই বিজয়ের আনন্দ পাচ্ছি। কত দিন পর ঢাকার রাস্তায় এভাবে বন্ধুদের নিয়ে বের হলাম!’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক ছাত্রসহ বাইরে থেকে আসা অনেকেই রাত ১২টার পরে জড়ো হয়েছিলেন টিএসসিতে। যেন এই বিজয়ের রাতে মুক্তির আনন্দে উদ্বেল তাঁরা।