বিজয়ের দিনে বেড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল মহান বিজয় দিবস। নয় মাসের সংগ্রাম-আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়া এ বিজয় উদ্যাপনে ঢাকাজুড়ে থাকছে নানা আয়োজন। লাল-সবুজ সাজে সেজে আপনিও যোগ দিতে পারেন বিজয় উৎসবে।
স্মৃতিসৌধ ও প্যারেড গ্রাউন্ড: প্রতিবারের মতো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ এলাকা সবার জন্য খুলে দেওয়া হবে।
সকালে পুরোনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতে অংশ নেবেন। সবার জন্য উন্মুক্ত থাকবে অনুষ্ঠানটি।
রাষ্ট্রীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকেও থাকবে নানা আয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উৎসব: ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এই তিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রভিত্তিক (টিএসসি) সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলছে ‘রক্তে রাঙা বিজয় আমার-২০১৬’। এবারের আয়োজনে থাকছে শিক্ষার্থীদের হাতে তৈরি ‘আমার ভালোবাসার পতাকা’ উত্তোলন, প্রদীপ প্রজ্বালন, ফানুশ ওড়ানো, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি, ঢাকসহ নানা আয়োজন।
১৬ ডিসেম্বর বেলা ৩টা ৪০ মিনিটে ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছায়ানটের যৌথ আয়োজনে ‘সকলে মিলে দেশ—গান গাইবার, দেশ—কথা বলবার’। অনুষ্ঠানে শিল্পীরা মানব পতাকা তৈরি করে সম্মিলিত সংগীত ও নৃত্য পরিবেশন করবেন। বিজয় ঘোষণার ক্ষণ ৪টা ৩১ মিনিটে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দেশসেরা ব্যান্ডসমূহের অংশগ্রহণে বিজয় দিবস উদ্যাপন জাতীয় কমিটির আয়োজনে থাকবে ‘কনসার্ট ফর ফ্রিডম’। রাত আটটা পর্যন্ত কনসার্ট চলবে।
জাদুঘরগুলোর আয়োজন: শাহবাগের জাতীয় জাদুঘর বিজয় দিবসের সকাল থেকেই খোলা থাকবে। এদিন শিশু ও বৃদ্ধরা বিনা মূল্যে জাদুঘরে ঢুকতে পারবেন। এ ছাড়া প্রধান মিলনায়তনে বেলা ১১টায় মেঘমল্লার ও বেলা ২টায় আগুনের পরশমণি সিনেমা দুটি দেখানো হবে।
সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে সকালে শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ১০টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ছয়টায় সংযাত্রার আয়োজন করা হয়েছে।
সাইকেলযাত্রা: বিডি সাইক্লিস্টস বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় রাইড’-এর আয়োজন করেছে। সকাল আটটায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা করবে সাইকেলচালকদের দল। আয়োজকদের পক্ষ থেকে সবাইকে পতাকার রঙের পোশাক পরে এবং একটি করে জাতীয় পতাকা সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে।
ফানুস উৎসব: ফেসবুক গ্রুপ ‘বিজয় উৎসব’-এর উদ্যোগে ধানমন্ডির আবাহনী মাঠে ৪৫টি ফানুস উড়িয়ে বিজয়ের ৪৫ বছর উদ্যাপন করা হবে।