বিজয়ের মাস শুরু
শোক আর শ্রদ্ধায় মুক্তিযোদ্ধাদের স্মরণের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে বিজয়ের মাস। যুদ্ধাপরাধীদের বিচার আর মুক্তিযোদ্ধাদের অপূর্ণ আকাঙ্ক্ষা পূরণের দাবিতে বিভিন্ন সংগঠন এই মাসের নানা কর্মসূচি শুরু করবে।মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পয়লা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে। মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার দ্রুত শেষ করার দাবি এবং জামায়াত-শিবিরের ‘নাশকতামূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে আগামীকাল রোববার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন মুক্তিযোদ্ধারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল আজ বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাব থেকে জাতীয় পতাকা ও লাল পতাকা মিছিল করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আজ সকাল সাতটায় পদক্ষেপ বাংলাদেশ ‘বিজয় মাসের প্রথম পতাকা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে।