বিজয়ের মাস সম্পূর্ণ আমাদের: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘এটা বিজয়ের মাস। এ মাস সম্পূর্ণই আমাদের। এই মাসে স্বাধীনতাবিরোধীরা লাফালাফি করবে আর আমরা চুপ করে থাকব, এটা হতে পারে না। তাদের কোনো প্রকার কর্মসূচি করতে দেওয়া হবে না।’
আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে কামরুল এসব কথা বলেন।
কাদের মোল্লার রায় কার্যকরের বিষয়ে কামরুল ইসলাম বলেন, ‘বিচারকাজ সম্পন্ন হয়েছে, মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। এখন কার্যকর করা সময়ের ব্যাপার মাত্র। যেকোনো দিন রায় কার্যকর করা হবে। বিজয়ের মাসে এ রায় কার্যকরের মধ্য দিয়ে আরেকটা বিজয়ের সূচনা করা হবে।’
কামরুল ইসলাম বলেন, ‘বিদেশি বন্ধুরা সমঝোতার চেষ্টা করছেন, তাঁদের ধন্যবাদ। কিন্তু বিএনপি নির্বাচনে আসবে না, সমঝোতাও হবে না। কারণ, তারা জামায়াতের সঙ্গ কখনো ত্যাগ করবে না, সমঝোতায়ও আসবে না।’ তিনি বলেন, বিএনপি যতই টালবাহানা করুক কোনো লাভ হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যুদ্ধ ঘোষণা করে কোনো কাজ হবে না। স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা ঘরে বসে থাকব না। আপনাদের প্রতিহত করা হবে।’
সভায় ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়। ১৪ ডিসেম্বর সকালে মিরপুর ও মোহাম্মদপুরে বুদ্ধিজীবীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং ১৬ ডিসেম্বর বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বিজয় র্যালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ঢাকা মহানগরের সরকারদলীয় ১৬ জন সাংসদ তাঁদের নিজ নিজ আসনে বিজয় মঞ্চ করবেন বলে সিদ্ধান্ত হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সহসভাপতি মুকুল চৌধুরী প্রমুখ।