বিজয়ের মাসের প্রথম দিনে মেয়রের দায়িত্ব নেবেন আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে ২৭ নভেম্বর শপথবাক্য পাঠ করবেন বিপুল ভোটে জয়ী সেলিনা হায়াৎ আইভী। দায়িত্ব নেবেন বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর সকালে। আইভী গতকাল বুধবার তাঁর বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মাস। বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনী রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল। ১৬ ডিসেম্বর অভ্যুদয় ঘটে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। এ কারণে বিজয়ের মাসের প্রথম দিন সকালে নগর ভবনে দায়িত্ব নিতে যাব। এর আগে ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে মেয়র হিসেবে আমাকে শপথবাক্য পাঠ করাবেন।’দায়িত্ব গ্রহণের দিন কোনো আনুষ্ঠানিকতা আছে কি না জানতে চাইলে আইভী বলেন, ‘কাজ ফেলে কোনো আনুষ্ঠানিকতা পালনে আমি বিশ্বাসী নই। দীর্ঘ আট বছর নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন শেষে ২৭ জুন জনগণকে ডেকে তাদের কাছে আয়-ব্যয়ের হিসাব দিয়ে দায়িত্ব বুঝিয়ে পায়ে হেঁটে বাসায় চলে আসি। এখন নারায়ণগঞ্জবাসী আমাকে সিটি মেয়রের দায়িত্ব দিয়েছে। ১ ডিসেম্বর সকালে বাসা থেকে হেঁটেই নগর ভবনে যাব অফিস করতে।’আইভী বলেন, আগামী পাঁচ বছরে প্রতিটি কর্মদিবসকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সিদ্ধিরগঞ্জ, বন্দরে নাগরিকদের অনেক সমস্যা। নাগরিকেরা প্রতিটি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে যেসব কাজ চায় সেগুলো চিহ্নিত করে আগে করা হবে। সিদ্ধিরগঞ্জ, বন্দরের নাগরিকদের তাদের কোনো কাজে কষ্ট করে শহরে নগর ভবনে না এলেও চলবে। আমি নিজে প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে সিদ্ধিরগঞ্জ, বন্দরে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে বসব।’২৭ নভেম্বর দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।