বিজয়ের মাসের শুরুতে বইমেলা
কোনো স্থায়ী ঠিকানা নেই। ১৫ বছর ধরে ঘুরছে এখানে-সেখানে। এর মধ্যে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ার স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সে ধরনের কোনো উন্নতির লক্ষণ নেই। এ অবস্থায় আজন্ম অনিকেত ঢাকা আন্তর্জাতিক বইমেলা বসেছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চাকেন্দ্র মাঠে।মাঠের মধ্যখানে চমৎকার ফোয়ারা। চারপাশ দিয়ে স্টলের সারি। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাসের প্রথম দিন গত বুধবার বিকেলে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত পক্ষকালের এই মেলার উদ্বোধন করেন। মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। খুলবে দুপুর দুইটায় এবং ছুটির দিন বেলা ১১টায়, বন্ধ হবে রাত নয়টায়।এবারের বইমেলার মূল প্রতিপাদ্য বিষয় ‘রূপকল্প ২০২১ রূপায়ণে গ্রন্থ’। মেলায় স্টল রয়েছে ২৫৩টি। অংশ নিচ্ছে ১৫১টি প্রতিষ্ঠান। জাতীয় গ্রন্থকেন্দ্র ১৯৯৫ সাল থেকে পক্ষকাল মেয়াদে ঢাকা বইমেলার আয়োজন করে আসছে। দুটি মেলা হয়েছিল এক বছরে। সেই হিসাবে এবার হচ্ছে ১৭তম মেলা। প্রথমে মেলাটির নাম ছিল ‘ঢাকা বইমেলা’। মেলাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার মানসে ২০০৮ সালে নাম বদলে করা হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক বইমেলা’। এবার বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার ইরানি দূতাবাস সাংস্কৃতিক কেন্দ্র, বিশ্বব্যাংক ও ভারতের ন্যাশনাল বুক সোসাইটি অব ইন্ডিয়া তাদের প্রকাশনাসহ অংশ নিচ্ছে।আয়োজকেরা জানান, একটি আন্তর্জাতিক মানের বইমেলা করার জন্যই ঢাকা বইমেলার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করা তো পরের কথা, ঢাকার পাঠকদের মধ্যেই মেলাটি তেমন আগ্রহ জাগাতে পারেনি। এর কারণ হিসেবে আয়োজক এবং প্রকাশক উভয়েই বলেছেন, মেলার কোনো সুনির্দিষ্ট সময় ও স্থান নির্ধারিত না থাকার কারণেই এই দীর্ঘ সময়েও মেলাটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। যেমন গতবার মেলা হয়েছিল সোহ্রাওয়ার্দী উদ্যানে, এবার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চাকেন্দ্র মাঠে। এরপর কোথায় হবে, কবে হবে কোনো ঠিক নেই।আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির নির্বাহী পরিচালক ওসমান গনি বললেন, এই মেলা নিয়ে প্রকাশকদের মধ্যে হতাশা আছে। দেশের প্রকাশনার বার্ষিক অগ্রগতি এবং আন্তর্জাতিক মানের প্রকাশনার সঙ্গে এর তুলনা ও যোগাযোগের ক্ষেত্র সৃষ্টির জন্যই ঢাকা বইমেলার আয়োজন। কিন্তু মেলাটির কোনো সুনির্দিষ্ট সময় ও স্থান না থাকায় এটি আন্তর্জাতিক ক্যালেন্ডারে স্থান করে নিতে পারেনি। ফলে বিদেশি প্রকাশকেরা এই মেলায় অংশ নিতে কোনো আগ্রহ দেখান না। একই কারণে স্থানীয় পাঠকদের কাছেও মেলাটির কোনো পরিচিতি সৃষ্টি হয়নি। ফলে স্থানীয় প্রকাশকেরা এই মেলা সামনে রেখে কোনো নতুন প্রকাশনায় যেতে আগ্রহ বোধ করেন না। এই মেলার অত্যন্ত সম্ভাবনা ছিল। তবে তা আয়োজনের মতো প্রয়োজনীয় দক্ষ জনবল গ্রন্থকেন্দ্রের নেই।গতকাল বৃহস্পতিবার মেলায় গিয়ে দেখা গেল ক্রেতা সামান্যই। বেচাকেনা সেই অর্থে শুরু হয়নি। ঐতিহ্য প্রকাশনীর বিক্রয় ব্যবস্থাপক আমজাদ হোসেন বললেন, মেলার কোনো প্রচার নেই। পাঠকেরা জানতেই পারেননি এখানে মেলা শুরু হয়েছে। একই কথা বললেন অনন্যা প্রকাশনীর ব্যবস্থাপক সহিদুল ইসলাম, নবযুগ প্রকাশনীর শ্যামল সরকার। তাঁরা আশা করছেন, আজ শুক্রবার ছুটির দিনে লোকসমাগম বাড়তে পারে।সন্ধ্যায় মেলার মাঠে কথা হলো লেখক আহমদ মযহারের সঙ্গে। তিনি ক্ষোভের সঙ্গে বললেন, ‘এটি হলো এতিমমেলা। কবে, কখন, কোথায় মেলা হয় তা লোকে জানতেই পারে না। কোনো প্রচার নেই। এভাবে মেলা করার আদৌ কোনো প্রয়োজন আছে কি না, সেটাই ভাবার বিষয়।’স্থান ও সময় নির্দিষ্ট হলে ঢাকা আন্তর্জাতিক বইমেলা সম্পর্কে অন্তত দেশের পাঠকদের ভালো আগ্রহ সৃষ্টি হতো—এমন মনে করেন প্রকাশকেরা সবাই। এই মেলার পরিবেশ থাকে বেশ নিরিবিলি। স্টলগুলোর সামনে জায়গাও থাকে যথেষ্ট। পাঠকেরা স্বস্তির সঙ্গে যাচাই-বাছাই করে বই কিনতে পারেন। সব মিলিয়ে অত্যন্ত পরিচ্ছন্ন মেলা। মেলার মঞ্চে বিকেলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকে। এবারও প্রতিদিন সন্ধ্যায় সেমিনার, আলোচনা ও সংগীতানুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। তবু মেলাটি লক্ষ্যে পৌঁছাতে পারছে না। একটি নির্দিষ্ট ঠাঁই বড় দরকার ঢাকা আন্তর্জাতিক বইমেলার।