বিঝু উৎসবের আমেজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ে আদিবাসীদের ঐতিহ্যবাহী বৈসু/সাংগ্রাই/বিঝু (বৈসাবি) উৎসবের আমেজ শুরু হয়েছে। খাগড়াছড়িতে উৎসব উপলক্ষে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান হাতে নিয়েছে নানা আয়োজন। আয়োজনের সব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। খাগড়াছড়ি জেলা সদরে বিশাল আকারে উৎসব পালনের প্রস্তুতি নিয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতি ইনস্টিটিউট, সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটি ও জু্মঞ্চ সামাজিক-সাংস্কৃতিক সংসদ (জুসাস)। এ ছাড়াও পানখাইয়াপাড়া, আপার পেরাছড়া, ধর্মঘর এলাকা, হেডম্যানপাড়া ও সূর্যশিখা ক্লাব উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করেছে। এই উৎসবকে পার্বত্য চট্টগ্রামের তিনটি বৃহৎ আদিবাসী গোষ্ঠীর চাকমা ভাষায় বিঝু, মারমা ভাষায় সাংগ্রাই ও ত্রিপুরা ভাষায় বৈসু বা বৈসুক বলা হয়। অনেকেই সংক্ষেপে এ উৎসবকে বৈসাবি নামে অভিহিত করে থাকেন। উৎসব ঘিরে খাগড়াছড়ি নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল। শেষ হবে ১১ এপ্রিল। অনুষ্ঠানে আদিবাসী নাটক, ম্রো জাতির সাংস্কৃতিক অনুষ্ঠান, মণিপুরি সাংস্কৃতি অনুষ্ঠান, আদিবাসীদের বেইন বুনন প্রতিযোগিতা, পাজন (বিঝু উৎসবে অতিথিদের আপ্যায়ন করার সবজির তরকারি) রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটি উৎসব উপলক্ষে জাতীয় ঐক্য ও সংহতির ডাক দিয়ে চার দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিতে শোভাযাত্রা, ঐতিহ্যবাহী খেলাধুলা, বলী খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে জুমঞ্চ সামাজিক সাংস্কৃতিক সংসদ (জুসাস) তিন দিনের কর্মসূচি নিয়েছে। তাদের আয়োজনের মধ্যে আছে আদিবাসী মেলা, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, আদিবাসী পোশাক প্রদর্শনী, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান। এ ছাড়াও প্রত্যন্ত গ্রামে ঐতিহ্যবাহী খেলাধুলা, উৎসব উপলক্ষে লটারি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের খবর পাওয়া যাচ্ছে। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক সুষময় চাকমা বলেন, এ উৎসব নৃ-গোষ্ঠীগুলোর সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করার একটি মাধ্যম। পাশাপাশি এখানকার সমৃদ্ধ সংস্কৃতি পুরো দেশের মানুষের কাছে তুলে ধরার বিরাট সুযোগ।