বিট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল বন বিভাগের হতেয়া রেঞ্জের কালিদাস বিটে বনের জমি বিক্রি ও গাছ কেটে ঘর তোলার ঘটনায় বিট কর্মকর্তা আবদুল লতিফকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)। সহকারী বন সংরক্ষক মাতলুবুর রহমানকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গত রোববার প্রথম আলোর বিশাল বাংলায় (পৃষ্ঠা-৪/সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা) ‘বনের ৪০০ শতক জমি বিক্রি, গাছ কেটে বাড়ি নির্মাণ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বন বিভাগের হতেয়া রেঞ্জের আওতাধীন কালিদাস বিট কর্মকর্তা আবদুল লতিফ কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে স্বীকার করেন। তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, বনের জমি যারা জবরদখল করে বাড়ি নির্মাণ করেছে, সংবাদ প্রকাশের আগেই তাদের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে। মামলায় কাদের আসামি করা হয়েছে—জানতে চাইলে তিনি বলেন, বনের জমি জবরদখলকারী ও দখলের সাহায্যকারীদের আসামি করা হয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘বনের জমি জবরদখলকারীদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।’ টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাতলুবুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, পত্রিকার খবর পড়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।