বিট কর্মকর্তার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বন বিভাগের বটতলী বন বাগান থেকে ২০ লক্ষাধিক টাকার দুই শতাধিক গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিট কর্মকর্তার বিরুদ্ধে। এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগের পর বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তদন্তে ওই কর্মকর্তাকে রক্ষার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।সরেজমিন বটতলী বাগানে গিয়ে দেখা যায় গাছের কাটা গোড়া। করাত দিয়ে এসব গাছ কাটা হয়েছে। প্রমাণ ধ্বংস করতে এসব মূল মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অনেক গাছের মূল পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তার বরাবর পাঠানো লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বটতলী বন বিটে ১৯৮৩ ও ১৯৮৫ সালে বন সৃজন করা হয়। ২৫-৩০ বছরে এসব গাছ অনেক বড় হয়েছে। একেকটি গাছ ১০ থেকে ২০ হাজার টাকা দরের হয়েছে। বটতলী বিটের কর্মকর্তা গদাধর রায় একই দিনে ২৮টি ইউক্যালিপটাস গাছ, ২০-২১টি গাছের কাণ্ড, নদী থেকে ১৫-২০টি গাছ এবং ঝড়ের তাণ্ডবে পড়ে যাওয়া গাছ উদ্ধার করে বিট কার্যালয়ের সামনে এনে রাখেন। এসব গাছের আংশিক উদ্ধার দেখিয়ে অবৈধভাবে অধিকাংশ গাছ বিক্রি করে দেওয়া হয়।বন বিভাগের গাছ কেটে বিক্রি করার জন্য ওই কর্মকর্তা এলাকায় একটি চক্র গড়ে তুলেছেন। অনেককে গাছসহ হাতেনাতে ধরিয়ে দেওয়ার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। গাছ কাটার ব্যাপারে কিছু বলতে গেলে মিথ্যা গাছ কাটার মামলা করার হুমকি দেন তিনি। অনেককে অবৈধভাবে বন বিভাগের জমিতে বাড়িঘর তৈরি ও যাতায়াতের রাস্তা করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।বটতলী বিটের কর্মকর্তা গদাধর রায় মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন আছে। পঞ্চগড়ের সহকারী বন সংরক্ষক মো. মতিউর রহমান তদন্তে ওই বিট কর্মকর্তাকে রক্ষার চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। শিগগিরই বিভাগীয় বন কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আলী রেজা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে মুঠোফোনে বলেন, অভিযোগটি পঞ্চগড়ের সহকারী বন সংরক্ষককে তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।