বিট কর্মকর্তাসহ চারজনকে সাময়িক অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলা ও বন রক্ষায় ব্যর্থতার অভিযোগে কক্সবাজারের উখিয়া রেঞ্জের দৌছড়ি বন বিট কর্মকর্তাসহ চারজনকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায়, গত শনিবার সকালে কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা বিপুলকৃষ্ণ দাশসহ একটি প্রতিনিধিদল দৌছড়ি বন এলাকা পরিদর্শনে যান। সামাজিক বনায়নের আওতায় প্রতিষ্ঠিত এখানকার বাগানে তাঁরা কোনো গাছের অস্তিত্ব দেখতে না পেয়ে গতকাল রোববার ওই কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক অব্যাহতি দেন। ২০০৩ সালে প্রায় ৪০ হেক্টর জমিতে এই বাগান গড়ে তোলা হয়। উখিয়া বন রেঞ্জের কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক বশিরুল আল মামুন বিষয়টি স্বীকার করে বলেন, বিট কর্মকর্তা মোশারফ হোসেন, গার্ড রুহুল কাদের, মালি জাফর আলম ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রেঞ্জের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে চোরেরা দিনেদুপুরেই গাছ কেটে বাগান সাফ করে ফেলেছে। তবে, চাকরি থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বন রক্ষা করতে গিয়ে ইতিমধ্যে দুবার সন্ত্রাসীদের হাতে তিনি ও অপর বনকর্মীরা আহত হয়েছেন। হামলার ঘটনায় উখিয়া থানায় মামলাও হয়। এলাকায় সক্রিয় শতাধিক কাঠ চোর ও সন্ত্রাসীদের সঙ্গে মাত্র চারজন বনকর্মী দিয়ে বিস্তীর্ণ বনাঞ্চল রক্ষা করা অসম্ভব। তিনি আরও বলেন, ‘এই শাস্তি আমাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো।’ বন রক্ষায় তাঁদের কোনো রকম অবহেলা ছিল না বলেও দাবি করেন তিনি।