বিট কার্যালয় থেকে বনদস্যুকে ছিনিয়ে নিয়ে গেল সন্ত্রাসীরা
কক্সবাজারের উখিয়া উপজেলায় সন্ত্রাসীরা বন বিভাগের স্থানীয় বিট কার্যালয়ে হামলা চালিয়ে আটক বনদস্যুকে ছিনিয়ে নিয়ে গেছে। হামলায় বিট কর্মকর্তা আনোয়ার হোসেনসহ তিনজন বনকর্মী আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে বন বিভাগের উখিয়া রেঞ্জের অধীন উখিয়াঘাট বিট কার্যালয়ে এ ঘটনা ঘটে।উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহিমের নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবদুর রহিমসহ সাতজনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে। বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক বশির আল মামুন বলেন, মঙ্গলবার বিকেলে উখিয়ারঘাট বিট এলাকায় সামাজিক বনায়নের বালুখালী সংরক্ষিত বাগান থেকে গাছ কাটার সময় বনকর্মীরা স্থানীয় বালুখালী গ্রামের হোছন প্রকাশকে আটক করেন। পরে হোছনকে ওই বিট কার্যালয়ের হাজতে রাখা হয়।উখিয়ারঘাট বিট কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে পালংখালী ইউপি সদস্য আবদুর রহিম রাজাসহ ১৫-২০ জন সন্ত্রাসী ওই বিট কার্যালয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে এবং কর্তব্যরত বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, বনকর্মী আবদুল গনি ও বাদশা মিয়াকে মারধর করে গুরুতর আহত করে। পরে তারা কার্যালয়ের হাজতে আটক থাকা বনদস্যু হোছনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল বিট কর্মকর্তা আনোয়ার হোসেন ইউপি সদস্য আবদুর রহিমকে প্রধান আসামি করে ১০-১৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউপি সদস্য আবদুর রহিম অভিযোগ অস্বীকার করেন। উখিয়া থানার ওসি নিয়াজ মোহাম্মদ বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।