বিটি বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে বিটি উচ্চবিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাবে বারান্দা ও পরিত্যক্ত বেড়ার ঘরে ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। পরিত্যক্ত ঘর দুটি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছেন অভিভাবকেরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গলতলী ইউনিয়নে করেঙ্গতলী গ্রামে বিটি উচ্চবিদ্যালয়টি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর একটি টিনের বেড়ার ঘরে শুরু হয় শিক্ষা কার্যক্রম। পরে ২০০৪ সালে রাঙামাটি জেলা পরিষদ তিন কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করে। পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে তিনটি কক্ষ নির্মাণ করা হয়। ভবনের ছয় কক্ষের মধ্যে একটি শিক্ষক মিলনায়তন ও একটি কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। কক্ষগুলো ছোট হওয়ায় চার কক্ষের মধ্যে সর্বোচ্চ দুই শতাধিক শিক্ষার্থী ক্লাস করানো সম্ভব। অথচ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৭৫৬ জন। শিক্ষক রয়েছেন মাত্র ১১ জন। ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যা বেড়ে যাওয়ায় তিন বছর ধরে মাঝেমধ্যে খোলা মাঠেও ক্লাস নিতে হয়। এ ছাড়া প্রতিদিন বারান্দায় ও পাশে পরিত্যক্ত দুটি বেড়ার ঘরে ক্লাস নিতে হচ্ছে বলে জানা গেছে।সরেজমিনে গেলে বিদ্যালয়ের ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইমরান হোসেন, ইলিনা চাকমা, কমল কান্তি চাকমা ও সেলিনা চাকমা একই সুরে বলে, ‘কখন ছাদ ভেঙে পড়ে সব সময় ভয়ের মধ্যে থাকি।’ শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে গেলে খোলা মাঠে ও বারান্দায় ক্লাস করতে হয়। অভিভাবক প্রিয়ময় চাকমা, জ্যোতিলাল চাকমা ও বীরবাহু চাকমা একই সুরে বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে গিয়েও সঠিক পাঠদান পাচ্ছে না। রুম না থাকায় পরিত্যক্ত ঘরে ঝুঁকি নিয়ে ক্লাস করছে।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তরায়ন চাকমা বলেন, ভবনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। জেলা পরিষদ থেকে তিন কক্ষবিশিষ্ট ভবন নির্মাণের অনুমতি পাওয়া গেছে। সেগুলো পাওয়া গেলেও শ্রেণীকক্ষ সংকট রয়ে যাবে। প্রধান শিক্ষক ধর্মরাজ চাকমা বলেন, প্রায় ৮০০ শিক্ষার্থীর জন্য মাত্র চারটি কক্ষ রয়েছে। শ্রেণীকক্ষের অভাবে বাধ্য হয়ে পরিত্যক্ত বেড়ার ঘরে ক্লাস নিতে হচ্ছে। মাঝেমধ্যে খোলা মাঠে ও বারান্দায় ক্লাস নিতে হয়। শিক্ষার্থীদের অনুপাতে শিক্ষক স্বল্পতাও রয়েছে। বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারুসি চাকমা বলেন. ‘বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। শ্রেণীকক্ষ দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়।’ কিছু বেঞ্চ দেওয়ার চিন্তাভাবনা আছে বলে তিনি জানান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু কাউসার বলেন. শিক্ষার্থীর অনুপাতে শ্রেণীকক্ষ সংকট চলছে। ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ঘরে পাঠদান চলছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘বিটি উচ্চবিদ্যালয়ের বিষয়ে উপজেলা পরিষদ অবগত আছে। কিন্তু আমাদের ভবন দেওয়ার সামর্থ্য নেই। একটি টিনশেড ঘর নির্মাণ করে দেওয়া হবে।’