বিটি বেগুন ও জিংক সমৃদ্ধ চালের প্রচারে কাজ করবে ইফপ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খাদ্যনীতি ও গবেষণা সংস্থা-ইফপ্রি বলেছে, কৃষকদের মধ্যে বিটি বেগুন ও জিংকসমৃদ্ধ চালের উৎপাদন প্রচারে তারা কাজ করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইফপ্রি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
আজ বুধবার শুরু হতে যাওয়া ইফপ্রির আন্তর্জাতিক কর্মশালা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, এক যুগ আগেও একজন কৃষি মজুরের দৈনিক আয় দিয়ে তিন কেজি চাল কেনা যেত। এখন কেনা যায় নয় কেজি চাল। কৃষি উৎপাদন বৃদ্ধির ফলেই এ পরিবর্তন হয়েছে। তবে এখনো অপুষ্টির সমস্যা রয়ে গেছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ইফপ্রি সরকারকে সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে ইফপ্রির মহাপরিচালক শেনজেন ফান বলেন, খাদ্য উৎপাদন বাড়াতে বাংলাদেশের কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ইফপ্রি সামনের দিনগুলোতে কাজ করবে। আগামী চার বছর বিটি বেগুন এবং জিংকসমৃদ্ধ চালের উৎপাদন বাড়াতে সরকারি সংস্থাগুলোর মাধ্যমে কৃষককে সহযোগিতা দেওয়া হবে।
ইফপ্রি, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার আহমেদ বলেন, কৃষি খাতে নতুন প্রযুক্তির প্রচার ঘটাতে ইফপ্রি কাজ করে যাবে।
আরও বক্তব্য দেন ইফপ্রির কৌশল ও সুশাসন বিভাগের পরিচালক পল ডরোস ও সিনিয়র রিসার্চ ফেলো জন হডিনট।