বিটি বেগুন চাষের অনুমতি বাতিল করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে, সরকার যে বিষাক্ত বিটি বেগুন চাষের অনুমতি দিয়েছে সাধারণ জনগণের পাশাপাশি তাঁর নিজে বা আত্মীয়দের তা খেতে হতে পারে। ফলে নিজের এবং দেশের জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর উচিত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই বেগুনের জাত চাষের অনুমতি দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা।
বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলন-কর্মী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ গতকাল বৃহস্পতিবার বিটি বেগুন বিরোধী মোর্চার এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন। বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘বিটি বেগুনের উন্মুক্ত চাষ/ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি’ শীর্ষক এই সভা হয়।
সভায় বক্তাদের মধ্যে ছিলেন বিশেষজ্ঞ, পরিবেশকর্মী, উন্নয়নকর্মী ও রাজনীতিক। সভায় বিটি বেগুন চাষের অনুমতি বাতিলের দাবি জানানো হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য তুলে ধরে বলেন, ‘কৃষিমন্ত্রী অভিযোগ করেছেন, বিটি বেগুনের বিরুদ্ধে যাঁরা মাঠে নেমেছেন, তাঁরা বিদেশি কীটনাশক কোম্পানির টাকা খেয়ে এসব করছেন। এই অভিযোগ করার আগে অবশ্যই কৃষিমন্ত্রীর উচিত এ বিষয়ে তাঁর কাছে তথ্য থাকলে তার প্রমাণ দেওয়া।’
রিজওয়ানা হাসান অভিযোগ করে বলেন, বরং কৃষি মন্ত্রণালয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে বিটি বেগুনের অনুমতি নিয়েছে। তিনি বলেন, উচ্চ আদালত যে সাতটি শর্তে অনুমতি দিয়েছে তার মধ্যে একটি ছিল অবশ্যই এই বেগুন বিক্রির সময় তা লেবেলসহ প্যাকেটজাত করতে হবে। কিন্তু এ বিষয়ে বেলা থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাছে জানতে চাইলে তারা বলেছে, মুক্তবাজার অর্থনীতির নিয়মে অন্য কৃষিপণ্যগুলোর মতোই বিটি বেগুন বিক্রি হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের শিক্ষক যোবায়ের আল মাহমুদ বলেন, বিটি বেগুন বীজের প্রযুক্তির বাণিজ্যিক এবং মেধাস্বত্বের বিষয়ে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি মনসান্টো এবং ভারতীয় কোম্পানি মাহিকোর চুক্তি হয়েছে। চুক্তির ধারাগুলো এমন যে এর প্রকৃত মালিকানা আসলে মনসান্টোর পক্ষে থাকবে।
বেসরকারি সংগঠন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিটি বেগুনের মূল প্রটোকল বা চুক্তি হয়েছিল বিএনপির আমলে। বিএনপি যদি সেই সিদ্ধান্ত ভুল মনে করে তাহলে তাদের উচিত ভুল স্বীকার করে নেওয়া। বিটি বেগুন প্রকল্পের টাকায় ‘কোন সরকারি কর্মকর্তা কতবার বিদেশে গিয়েছেন’ সেই খোঁজ নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান বলেন, বিএনপি আমলের কোনো সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের উচিত হবে তা বাতিল করা। তারা যদি বিটি বেগুন চাষের অনুমতির সিদ্ধান্ত বাতিল করে তাহলে বিএনপি কিছু মনে করবে না। বরং খুশিই হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) শরীফ জামিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উবিনীগ এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার, গবেষণা সংস্থা বি-সেফের ভাইস চেয়ারম্যান এ এন এম রিয়াজুল করিম এবং দেশের বিভিন্ন অঞ্চলের বেগুনচাষিরা।