বিটি বেগুন মাঠ পর্যায়ে না ছাড়তে নির্দেশ
স্বাধীন গবেষণার মাধ্যমে জিন বদলে উৎপাদিত (বিটি) বেগুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না, তা নির্ধারণ না করা পর্যন্ত মাঠপর্যায়ে না ছাড়তে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শহীদুল ইসলাম।
এদিকে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গতকাল বাংলাদেশে বিটি বেগুন বাজারজাতকরণের সব উদ্যোগ অবিলম্বে স্থগিত রাখা, বিদেশি কোম্পানির কাছে স্থানীয় জাতের বেগুন হস্তান্তরের আইনি ভিত্তি ও ওই বেগুনের মেধাস্বত্ব কার অনুকূলে যাবে, তা জানানোর জন্য আইনি নোটিশ পাঠিয়েছে। এতে বিটি বেগুনের মাঠপর্যায়ে সম্পাদিত সব পরীক্ষার পূর্ণ ফলাফল জনসমক্ষে প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। কৃষি, পরিবেশ ও বন, খাদ্য, স্বাস্থ্য, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর এবং বিএসটিআই বরাবরে ওই নোটিশ পাঠানো হয়।