বিটি বেগুনের জাত পেলেন কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কৃষি খাতে জিনপ্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত প্রথম ফসল বিটি বেগুনের চারটি জাত কৃষকের হাতে তুলে দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি নতুন এই বেগুনের জাতগুলো দেশের চারটি অঞ্চলের ২০ জন কৃষকের হাতে তুলে দেন।
জিনগতভাবে পরিবর্তিত বেগুনের এই জাতের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশের মানুষের কাছে খুবই প্রিয় বেগুন চাষ করতে কৃষক প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করেন। এতে অন্য ফসল, মাটি, পানি ও পরিবেশের ক্ষতি হয়। বিটি বেগুন চাষে কীটনাশকের ব্যবহার অনেক কমে আসবে। উৎপাদন খরচও এতে কমে যাবে।
বিটি বেগুন চাষের বিরুদ্ধে কিছু মানুষ অন্ধের মতো বিরোধিতা করছে, এই মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, তারা কীটনাশক কোম্পানির অর্থে বিটি বেগুন চাষের বিরুদ্ধে মামলা করেছে। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশি কোম্পানির নয়, নিজের চিন্তাভাবনা প্রয়োগ করে কাজ করেন।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক মো. রফিকুল ইসলাম। এতে তিনি বলেন, গত বছরের ৩০ অক্টোবর জৈব নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির অনুমোদন দিয়েছে। দেশের দুটিসহ বিশ্বের মোট ১৩টি বৈজ্ঞানিক পরীক্ষাগারে এই বেগুনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র সরকারের বিদেশবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক জানিনা জেরজেলসকি বলেন, এই বেগুন চাষে কীটনাশকের ব্যবহার ৭০ শতাংশ কমে আসবে। এতে বাংলাদেশ নিরাপদ খাদ্য এবং খাদ্যনিরাপত্তার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।