বিটি বেগুনের জাত প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটি বেগুন মানবদেহের জন্য ক্ষতিকর—এ কথা বলে বেগুনের ওই জাত প্রত্যাহার ও চাষ বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন করা হয়েছে। নয়াকৃষি আন্দোলন ও জিএমও বিরোধী গণমোর্চার উদ্যোগে গাজীপুরের জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন হয়।
এতে টাঙ্গাইলের অনেক কৃষক, বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), শ্রম বিকাশ কেন্দ্র, নারীগ্রন্থ প্রবর্তনার কর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে উবিনীগের সীমা দাস বলেন, বাংলাদেশে বিটি বেগুনের প্রয়োজন নেই। এটা করা হচ্ছে কোম্পানির স্বার্থে, কৃষক ও ভোক্তার স্বার্থে নয়। এই বেগুনের চাষের ফলে স্বাস্থ্যক্ষতি-সংক্রান্ত কোনো গবেষণা হয়নি। ফলে মানুষ ও অন্যান্য প্রাণের ক্ষতি হবে না বলে যে দাবি করা হচ্ছে, তা ভিত্তিহীন। বিটি বেগুনের চারা বিতরণ ও চাষ প্রাণ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে বিটি বেগুনের চাষ বন্ধ করা হোক। যেসব কৃষক চারা নিয়েছেন তাঁদের কাছে অনুরোধ, দেশের ও কৃষির সর্বনাশ করবেন না।
গণমোর্চার সদস্য কৃষি বিজ্ঞানী এম এ সোবহান বলেন, বিটি বেগুনের মধ্যে একটি ব্যাকটেরিয়া জিন অনুপ্রবেশ করানো হয়েছে। বলা হয়েছে, এটা ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা প্রতিরোধ করতে পারে। বেগুনে পোকা আক্রমণ করলে পোকা মারা যাবে। বেগুন খেয়ে যদি পোকা মারা যায়, সেটি মানুষ খেলে কী হবে—তা এখনো পরীক্ষা করা হয়নি। ইতিমধ্যে বিটি বেগুনের চাষ ভারত ও ফিলিপাইনে বন্ধ করা হয়েছে।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গুজিয়াবাড়ী গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, ‘যে বেগুন পোকায় খায় না সে বেগুন মানুষ খেলে অবশ্যই মানবদেহের ক্ষতি হবে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির মো. সাইদ আহামেদ প্রমুখ।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিটি বেগুনের জাত প্রত্যাহার ও চাষ বন্ধের দাবিতে গাজীপুরের জেলা প্রশাসক ও ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দপ্তরে সঞ্চারকলিপি দেন।