বিটি বেগুনের পক্ষে বিএআরআইয়ের সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডল বলেছেন, ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে তাদের উদ্ভাবিত বিটি বেগুন। বিটি বেগুনের জাতগুলো হাইব্রিড না হওয়ায় কৃষক উৎপাদন ও সংরক্ষণ করতে পারবেন।
২০ ফেব্রুয়ারি বিএআরআইয়ের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করে মহাপরিচালক ওই কথা বলেন। তিনি আরও বলেন, চিরায়ত প্রজনন পদ্ধতির মাধ্যমে ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী জাত উদ্ভাবন করা সম্ভব হয়নি। দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে গবেষণার ফলাফলের ভিত্তিতে উন্নত বিশ্বে আবিষ্কৃত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জিন বাংলাদেশি নয়টি জাতে সংযোজন করে বিটি বেগুন নামে নয়টি জাত উদ্ভাবন করা হয়েছে। গত বছরের ৩১ অক্টোবর বিটি বেগুনের চারটি জাত অবমুক্ত করা হয়েছে। এই বিটি বেগুনের প্রধান সুবিধা হলো, কীটনাশক ব্যবহার সীমিত হওয়ায় পরিবেশ দূষিত হবে না। কৃষকের স্বাস্থ্য ভালো থাকবে। উৎপাদন খরচ কম হবে। সর্বোপরি কৃষক তাঁদের কাঙ্ক্ষিত উৎপাদন বৃদ্ধিসহ আয় বৃদ্ধি করতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিটি বেগুনের খাদ্যমান ও রাসায়নিক উপাদানগুলো দেশি-বিদেশি উন্নত গবেষণাগারে পরীক্ষা করা হয়েছে। এতে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান পাওয়া যায়নি। বিজ্ঞপ্তি।