
উত্তর বাড্ডার প্রিমিয়ার প্লাজায় আগুন লাগে গত বছরের ২৯ জুন। নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় কমপ্লেক্স থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় ১১৭টি ফ্ল্যাটের বাসিন্দাদের। এরপর প্রায় আট মাস হলে চললেও ফ্ল্যাটগুলো মালিকদের বুঝিয়ে দেওয়া হয়নি। ফলে ফ্ল্যাটের বাসিন্দাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
তবে গত মাসে সংস্কারকাজ শুরু হয়েছে প্রিমিয়ার প্লাজার। সংস্কারকাজ শেষ হতে আরও কয়েক মাস লাগবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ভুক্তভোগী ফ্ল্যাটের মালিকেরা সংস্কারকাজ দ্রুত শেষ করে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
বিল্ডিং টেকনোলজিস অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) নির্মিত প্রিমিয়ার প্লাজায় আগুন লাগে গত বছরের ২৯ জুন। ১৪ তলা এই ভবনের নিচের চারটি তলায় শপিং কমপ্লেক্স। ওপরের তলাগুলো আবাসিক। শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে আগুন লাগে। এতে ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত শপিং কমপ্লেক্সের জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের পর নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় ভবনের ৬ থেকে ১৪ তলা পর্যন্ত ১১৭টি ফ্ল্যাটের মালপত্র ও বাসিন্দাদেরও ভবন ছাড়ার নির্দেশ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ফায়ার সার্ভিস। ঝুঁকি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় মেরামতের পর বসবাসের পরামর্শ দেওয়া হয়।
গত মঙ্গল ও গতকাল বুধবার পাঁচজন ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, ভবন পরীক্ষা-নিরীক্ষা ও সংস্কার খরচ কে দেবে, তা নিয়ে শুরুতে সমস্যা ছিল। নির্মাণত্রুটির কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এই দাবিতে ফ্ল্যাট মালিকেরা সংস্কার খরচ দিতে আপত্তি তোলেন। পরে আলোচনার ভিত্তিতে ফ্ল্যাট মালিকেরা সংস্কারকাজের একটি অংশ দিতে সম্মত হন।
প্রিমিয়ার প্লাজা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জাফর মিঞা প্রথম আলোকে বলেন, প্রিমিয়ার প্লাজার ফ্ল্যাট মালিকদের প্রতি মাসে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়। আবাসিক অংশের ইউটিলিটি সেবা সংস্কার করার খরচ ফ্ল্যাট মালিকদের দিতে হচ্ছে। বাণিজ্যিক অংশের সংস্কার খরচ বিটিআই ও জমির মালিক বহন করবে।
একাধিক ফ্ল্যাট মালিক বলেন, অনেকে ফ্ল্যাট কিনেছেন ঋণ নিয়ে। নিজের ফ্ল্যাটে থাকতে না পারলেও ঋণের কিস্তি দিতে হচ্ছে। একই সঙ্গে অন্য বাড়িতে ভাড়া দিয়ে থাকতে হওয়ায় অনেকেই ভোগান্তিতে পড়েছেন।
একজন ফ্ল্যাট মালিক নাম না প্রকাশের শর্তে বলেন, ‘ফ্ল্যাটটি ভাড়া দেওয়া ছিল। আট মাসে প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন সংস্কারের জন্য আবার দুই লক্ষাধিক টাকা দিতে হচ্ছে। ভোগান্তির পাশাপাশি ফ্ল্যাট মালিকদের সব দিক থেকেই ক্ষতি হচ্ছে। এখন দ্রুত যাতে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়, এটাই আমাদের দাবি।’
গতকাল বুধবার দেখা যায়, বিশাল কমপ্লেক্সে সুনসান নীরবতা। কমপ্লেক্সের দোতলার অভ্যর্থনা কক্ষের দেয়ালজুড়ে ফাটল। ভবনের যে অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার পোড়া জিনিসপত্র বাইরে থেকেও চোখে পড়ছে। ভবনের পেছনের সড়কে দাঁড়ালে পোড়া অংশ চোখে পড়ে।
ভবন সংস্কারের বিষয়ে জানতে চাইলে বিটিআইয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুল আমিন প্রথম আলোকে বলেন, সংস্কারকাজ শুরু হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শেষ বা মে মাসের মাঝামাঝি সময়ে কাজ শেষ হবে।
প্রিমিয়ার প্লাজার অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে শামসুল আমিন বলেন, আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন পক্ষ মিলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।