টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যকলাপ ও আচরণের তীব্র সমালোচনা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তাদের অভিযোগ, বিটিআরসির আচরণের কারণে এ খাতে বিদেশি বিনিয়োগও হচ্ছে না।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব অভিযোগ করেন সভাপতি ও সদস্য একাধিক সাংসদ। ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোসও অভিযোগে সমর্থন দেন। বৈঠক সূত্র জানায়, কমিটি অভিযোগ করেছে, গত দুই বছর কাজ করেও বিটিআরসি চারটি মুঠোফোন অপারেটরের লাইসেন্স নবায়ন করতে পারেনি। ফলে অপারেটররা বিনিয়োগ বন্ধ রেখেছে। তারা বিটিআরসির কারণেই আদালতে যেতে বাধ্য হয়েছে।টেলিযোগাযোগসচিব অভিযোগ করেন, বিটিআরসির আচরণ এতটাই ‘ঔদ্ধত্যপূর্ণ’ যে তারা মন্ত্রণালয়ের নির্দেশ পর্যন্ত আমলে নেয় না। বৈঠকে অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘মোবাইল ফোন অপারেটররা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আচরণ করছে। তারা বাংলাদেশ থেকে লাভ নিয়ে যাচ্ছে, অন্যদিকে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে কাজ চালাচ্ছে।’ চেয়ারম্যানের এ বক্তব্যের জবাবে সচিব সুনীল কান্তি বোস বলেন, এটা দেখার জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক রয়েছে। মোবাইল অপারেটররা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। তারা লাভ নিতেই পারে। এ বিষয়ে সরকারের নীতিমালা আছে। অহেতুক অপারেটরদের সঙ্গে যুদ্ধ-পরিস্থিতি তৈরি না করে বরং টেলিযোগাযোগ খাতকে বিনিয়োগবান্ধব করা প্রয়োজন।’বৈঠকে আরও অংশ নেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, কমিটির সদস্য নজরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন রতন।