বিটিআরসির কাজে সংসদীয় কমিটির অসন্তোষ
দেশের ভেতর মুঠোফোন অপারেটরদের কল আদান-প্রদানের হিসাব সরকারের কাছে নেই। এই তথ্য পেতে কেন্দ্রীয় পর্যবেক্ষণ পদ্ধতি এখনো চালু করাও হয়নি। এজন্য অসন্তোষ প্রকাশ করেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ সম্পর্কিত দরপত্র প্রক্রিয়ায় বিলম্বের জন্য বিটিআরসিকে দায়ী করেছে।
কমিটি কেন্দ্রীয় পর্যবেক্ষণ পদ্ধতি (সেন্ট্রাল মনিটরিং সিস্টেম-সিএমএস) সম্পর্কিত বর্তমান দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের জন্য বিটিআরসিকে (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) সুপারিশ করেছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি ইমরান আহমদ প্রথম আলোকে বলেন, বিটিআরসি সিএমএস পদ্ধতি চালুর জন্য ২০১৩ সালের শেষের দিকে দরপত্র আহ্বান করেছে। সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী ১৫ সপ্তাহের মধ্যে যোগ্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে হয়। অথচ এক বছরের বেশি সময় হয়ে গেছে, বিটিআরসি এখনো কাউকে কার্যাদেশ দিতে পারেনি। বর্তমানে যে জটিলতা চলছে, তাতে কোনো একটি পক্ষকে কাজ দিলে অন্যপক্ষ আদালতে মামলা করলে পুরো প্রক্রিয়াটি থেমে যাবে। সে জন্য কমিটি নতুন করে দরপত্র আহ্বান করতে বলেছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, নিয়ম অনুযায়ী মুঠোফোন অপারেটররা যে পরিমাণ রাজস্ব আয় করবে, তার ২০ শতাংশ সরকারকে দেবে। কিন্তু মুঠোফোন অপারেটররা দেশের ভেতর কী পরিমাণ কল আদান-প্রদান করছে, তা জানার পদ্ধতি সরকারের কাছে নেই। বছর শেষে প্রতিষ্ঠানগুলো যে হিসাব দিচ্ছে, তাই সরকারকে মেনে নিতে হচ্ছে। এ জন্য আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে সিএমএস পদ্ধতি চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, মোয়াজ্জেম হোসেন ও কাজী ফিরোজ রশীদ অংশ নেন।