বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ আর নেই
বাংলাদেশ টেলি-যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ (৫৯) হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। অসুস্থ হওয়ার পর গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বারিধারা ডিওএইচএস মসজিদে গতকাল জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান জিয়া আহমেদ। গত ২১ ফেব্রুয়ারি মেয়াদ শেষে আরও এক বছরের জন্য তাঁকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি দীর্ঘদিন সিগন্যাল কোরে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি কমিশন পান। জিয়া আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া, তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ, মুঠোফোন অপারেটর বাংলালিংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ওসমান পৃথক শোকবার্তায় জিয়া আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।