বিটিআরসির তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া অনুমোদনপত্র জারি করে একটি আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠানকে প্রায় ২০ কোটি টাকার রাজস্ব ফাঁকিতে সহায়তা করার অভিযোগ উঠেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তিন কর্মকর্তার বিরুদ্ধে। এ-সংক্রান্ত তদন্ত কমিটি তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের সুপারিশ করেছে। এ কারণে তাঁদের পদোন্নতি বাতিল করা হয়েছে৷
বিটিআরসির ওই তিন কর্মকর্তা হলেন ইঞ্জিনিয়ারিং ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক মাহমুদুর রহমান, সহকারী পরিচালক কাজী রাফসান ইয়াজদানী এবং সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের সহকারী পরিচালক খান মুহাম্মদ ফুয়াদ বিন এনায়েত।
তদন্ত কমিটি রাজস্ব ফাঁকিতে সম্পৃক্ত থাকায় ডিজিকনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরামর্শক অনিক আর হকের বিরুদ্ধে ফৌজদারি মামলার সুপারিশ করেছে৷ আত্মসাৎ করা টাকা সরকারি কোষাগারে জমা দিতে ডিজিকন কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছে৷ তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শৃঙ্খলাবহির্ভূত কাজে জড়িত থাকার দায়ে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছে বিটিআরসি৷
সূত্র জানায়, ডিজিকনের ভুয়া অনুমোদনপত্র জািরর বিষয়টি তদন্তে গত বছরের জুলাইয়ে সংস্থাটির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক গোলাম মাওলা ভূঁইয়া, ইঞ্জিনিয়ারিং ও অপারেশন বিভাগের মহাপরিচালক জাকির হোসেন এবং অর্থ, হিসাব ও রাজস্ব শাখার পরিচালক আশীষ কুমারকে নিয়ে তদন্ত কমিটি হয়। কমিটি বলেছে, ডিজিকন অবৈধভাবে আইজিডব্লিউতে টেস্ট কল পরিচালনা করে ২০১২ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত মোট ১৯ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাত্ করেছে। বিটিআরসির ওই তিন কর্মকর্তা এতে সহায়তা করেছেন।
গত মঙ্গলবার বিটিআরসির এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক সারওয়ার আলম তিন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে ওই কর্মকর্তাদের কেউ কিছু বলতে রাজি হননি৷ বিটিআরসির উদ্যোগের বিষয়ে ডিজিকনের করপোরেট ব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা বলেন, সংস্থাটি তাঁদের এ বিষয়ে কিছু জানায়নি এবং তাঁরাও এটি সম্পর্কে অবগত নন৷
অনিক আর হক প্রথম আলোকে বলেন, তিনি ডিজিকনের নিবন্ধন-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু এখন আর ওই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।