বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দ্বৈতনীতির কারণে ভিএসপি ব্যবসা ধ্বংসের পথে বলে অভিযোগ করেছেন ভিএসপি ব্যবসায়ীরা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ অভিযোগ করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ভিওআইপি সার্ভিস প্রোভাইডারের (বিএভিএসপি) পক্ষ থেকে বলা হয়, অবৈধ ভিওআইপি বন্ধ করে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে সরকার ২০১৩ সালে ৮৮৭টি ভিএসপি লাইসেন্স দেয়। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ইন্টারন্যাশনাল গেটওয়েগুলোকে (আইজিডব্লিউ) অনৈতিক সুবিধা দিতে দ্বৈতনীতি গ্রহণ করেছে। ফলে সরকারের উদ্যোগ ব্যর্থ হয়েছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, আইজিডব্লিউগুলোর অনীহা ও অসহযোগিতা এবং বিটিআরসির উদাসীনতায় ভিএসপি লাইসেন্স নেওয়া ব্যবসায়ীরা কোনো ব্যবসা করতে পারেননি। বর্তমান নীতিমালা অনুযায়ী ব্যবসা ও পুঁজি রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব হচ্ছে না বলে তাঁরা তাঁদের বিনিয়োগ নিয়ে শঙ্কিত।
সংবাদ সম্মেলনে বলা হয়, আইজিডব্লিউ অপারেটররা ভিএসপির নামে কল আনা-নেওয়া করে ৫ শতাংশ রাজস্বের পরিবর্তে ১ শতাংশের কম পরিশোধ করছেন। লাইসেন্সের শর্ত অনুযায়ী ভিএসপি ও আইজিডব্লিউ অপারেটররা একই রেটে আন্তর্জাতিক বাজারে ভিওআইপি সেবা বিক্রি করেন। সেবা, বাজার, কলরেট একই হওয়ার পরও আইজিডব্লিউ অপারেটররা কলরেটের ওপর ২০ শতাংশ কমিশন পান। অন্যদিকে ভিএসপি অপারেটরদের কমিশন মাত্র ৫ শতাংশ।