একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নোটিশ ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘হয়রানিমূলক’ বলে দাবি করেছেন। গত বৃহস্পতিবার একুশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।১১ মার্চ বিটিআরসি একুশে টেলিভিশনের বিরুদ্ধে রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স ছাড়া অবৈধভাবে সম্প্রচার চালানোর অভিযোগ করে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর চিঠি দিয়েছে। সংবাদ সম্মেলনে একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম বলেন, ২০০৭ সালে একই ধরনের আদেশের বিরুদ্ধে একুশে টেলিভিশন উচ্চ আদালতে গেলে আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিটিআরসির চিঠির কার্যকারিতা স্থগিত করেন। রিট পিটিশনটি এখনো আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। সালাম বলেন, ‘যে চিঠির কার্যকারিতা আদালত স্থগিত করেছেন, সেই চিঠির ভিত্তিতে বিটিআরসির নতুন চিঠি আদালত অবমাননার শামিল।’ বৃহস্পতিবার একুশের অবস্থান পরিষ্কার করে বিটিআরসির চিঠির জবাব পাঠানো হয়েছে বলে চেয়ারম্যান জানান। এদিকে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ জানিয়েছেন, গতকাল বিকেল পর্যন্ত তাঁরা একুশে টিভির কোনো চিঠি পাননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘অফিস শেষ। একুশে চিঠি পাঠালে তা রোববার হাতে পাব। সেটা নিয়ে কমিশনের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ বিটিআরসির নোটিশের জন্য ‘এক মন্ত্রী ও গণমাধ্যমের কিছু ব্যক্তি’ দায়ী বলে মন্তব্য করেন একুশে টিভির চেয়ারম্যান। তিনি বলেন, প্রধানমন্ত্রী একুশের প্রতি সহানুভূতিশীল হলেও তাঁর অগোচরে এই ‘ষড়যন্ত্র’ চলছে। একুশে ‘বন্ধের চেষ্টার’ জন্য কোন মন্ত্রী দায়ী? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রণালয়ের দিকে ইঙ্গিত করে আবদুস সালাম বলেন, ‘গণমাধ্যমের দায়িত্ব কোন মন্ত্রণালয়ের, সেটা আপনারা জানেন।’