দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ তৈরিতে ১৫ কোটি ৭৫ লাখ ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকা ঋণ হিসেবে নিচ্ছে সরকার। এ জন্য গতকাল শুক্রবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বহুজাতিক ব্যাংক হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও এইচএসবিসি বাংলাদেশের উপপ্রধান নির্বাহী মাহবুবুর রহমান নিজ নিজ পক্ষে চুক্তি সই করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির মূল কাজটি করছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া নামের একটি প্রতিষ্ঠান। মূল স্যাটেলাইটের অবকাঠামো তৈরি, স্যাটেলাইট সিস্টেম কেনা, গ্রাউন্ড স্টেশন নির্মাণে ঋণের অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। এই ঋণের সুদ হার ধরা হয়েছে ১ দশমিক ৫১ শতাংশ ও লাইবর (লন্ডন আন্তব্যাংক সুদ হার) সুদ হার। এর মানে হলো, ১ দশমিক ৫১ শতাংশ সুদের সঙ্গে লাইবরের প্রযোজ্য সুদ হার যোগ হবে। বিটিআরসিকে এই ঋণ আগামী ১২ বছরে মোট ২০টি কিস্তিতে শোধ করতে হবে।
স্যাটেলাইট প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে ১ হাজার ৩১৫ কোটি টাকা। বাকি ১ হাজার ৬৫২ কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হচ্ছে। উপগ্রহ উৎক্ষেপণের মূল কাজ ‘স্যাটেলাইট সিস্টেম’ কেনার জন্য খরচ হচ্ছে ১ হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ টাকা। গাজীপুরের জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের দুটি গ্রাউন্ড স্টেশন স্থাপনের জায়গা ঠিক করা হয়েছে। প্রস্তাবিত স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডার ক্যাপাসিটি থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার নিজেদের ব্যবহারের জন্য রেখে বাকিগুলো ইজারা দিতে পারবে বাংলাদেশ।