টেলিযোগাযোগ লাইসেন্স দেওয়ার কর্তৃত্ব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সরকারের কাছে ন্যস্ত করার সুপারিশ করে টেলিযোগাযোগ সংশোধন বিল-২০১০ সংসদে উত্থাপিত হয়েছে। এতে লাইসেন্স বাতিলের কর্তৃত্বসহ গুরুত্বপূর্ণ আরও কিছু ক্ষমতা সরকারের কাছে দেওয়া হয়েছে।গতকাল রোববার জাতীয় সংসদে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বিলটি উপস্থাপন করেন। পরে নিয়ম অনুযায়ী বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে বিলটি সম্পর্কে সংসদে প্রতিবেদন দেবে।বিলে বলা হয়েছে, লাইসেন্সের জন্য বিটিআরসির কাছেই আবেদন করতে হবে। বিটিআরসি সরকারের অনুমোদন নিয়ে লাইসেন্স দিতে পারবে। বিদ্যমান আইনে টেলিযোগাযোগ সম্পর্কিত অপরাধের জন্য ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। প্রস্তাবিত আইনে এই জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৩০০ কোটি টাকা এবং কারাদণ্ডের সময় সর্বোচ্চ পাঁচ বছর করা হয়েছে।এ ছাড়া কেউ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ব্যবহার করে ‘জাতীয় ঐক্য বা সংহতির পরিপন্থী’ কোনো কাজ করলে সর্বোচ্চ ৩০০ কোটি টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। কোনো প্র্রতিষ্ঠান লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩০০ কোটি টাকা প্রশাসনিক জরিমানার প্রস্তাব করা হয়েছে। এই আদেশের পরও শর্ত লঙ্ঘন অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য এক কোটি টাকা করে জরিমানা আদায় করা হবে।