বাংলাদেশ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ বোর্ডকে (বিটিটিবি) বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) রূপান্তর করা হলেও সেবার মান একটুও বাড়েনি, বেড়েছে হয়রানি। আবেদনপত্র জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দাবিনামা পাওয়ার নিয়ম করা হলেও বাস্তবে দাবিনামা পেতে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা। সংযোগ পেতে গড়ে গ্রাহকদের ঘুষ দিতে হচ্ছে প্রায় ছয় হাজার টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য রয়েছে।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল মঙ্গলবার টিআইবি আয়োজিত আলোচনা সভায় ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়। ‘বিটিসিএলকে কোম্পানি হিসেবে কার্যকর করার দাবি’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো দিপু রায়।গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সংযোগ, বিল প্রদান, টেলিফোন স্থানান্তরসহ বিভিন্ন সেবা পেতে ঘুষ দেওয়াটা নিয়ম হয়ে গেছে। সংযোগ পেতে ৬৬ শতাংশ গ্রাহককে গড়ে ছয় হাজার টাকা, বিল সমস্যা সমাধানে গ্রাহকদের ন্যূনতম ৫০ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা ও স্থানান্তরের জন্য ৭১ শতাংশ গ্রাহককে গড়ে দুই হাজার ৫০ টাকা ঘুষ দিতে হয়েছে। এ ছাড়া বিটিসিএলে রাজনৈতিক বিবেচনায় পদায়ন, বদলি ও পদোন্নতি; জবাবদিহিতা ও প্রশিক্ষণ-প্রক্রিয়ায় অনিয়ম; পরিবহন শাখা, প্রকল্প, নিরীক্ষা এবং সিবিএ নেতাদের দুর্নীতি; ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাত্, অবৈধ শ্রমিক নিয়োগ ও বাজেট বরাদ্দের চেয়ে বেশি ব্যয়সহ বিভিন্ন ধরনের অনিয়ম বিদ্যমান। কোম্পানি হওয়ার পরও বিটিসিএলে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা, কোম্পানির সর্বোচ্চ পদের স্বল্প মেয়াদসহ অনেক প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু টিআইবির এ প্রতিবেদনের সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি কোম্পানির পরিচালনা পর্ষদের ওপর যখন-তখন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধ করার পরামর্শ দেন। তিনি বলেন, ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) অবৈধ ব্যবহার রোধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ খুব একটা কার্যকর নয়। এভাবে র্যাব দিয়ে ভিওআইপির অবৈধ ব্যবহার ঠেকানো যাবে না। তিনি এ সমস্যা সমাধানে আইনগত কাঠামোর মধ্যে ভিওআইপি উন্মুক্ত করে দেওয়ার সুপারিশ করেন। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খাবীরুজ্জামান বলেন, প্রযুক্তি দিয়ে প্রযুক্তিগত সমস্যা সমাধানের পথে এগোচ্ছে বিটিসিএল। অন্যান্য বেসরকারি টেলিযোগাযোগ কোম্পানির সঙ্গে পাল্লা দিতে ১২ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম বিটিসিএলের পরিচালনা পর্ষদে মন্ত্রণালয়ের কর্মকর্তা রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, যত ইচ্ছা বিশেষজ্ঞ থাকবে, পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও বিটিসিএলের পরিচালনা পর্ষদে থাকার প্রয়োজন রয়েছে। তিনি কোম্পানির সর্বোচ্চ পদের মেয়াদকাল বাড়ানোর সুপারিশ করেন।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিটিটিবির প্রাক্তন চেয়ারম্যান এস এইচ চৌধুরী, বিটিসিএলের আবু সাইদ খান, মো. রফিকুল মতিন, বুয়েটের অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।