বিটিভি অনেক গুরুত্বপূর্ণ খবর প্রচার করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৩০ মিনিটের সংবাদের ২৮ মিনিটই বক্তব্যনির্ভর। ওই সংবাদে ঘুরেফিরে কয়েকজনকেই দেখানো হয়। অনেক গুরুত্বপূর্ণ খবর প্রচার করা হয় না। সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে কমিটির সভাপতি ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। সভায় বিটিভির সংবাদের মানোন্নয়ন এবং দর্শকপ্রিয় অনুষ্ঠান তৈরির সুপারিশ করা হয়। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শাহীন মনোয়ারা হক, রেজা আলী, সুকুমার রঞ্জন ঘোষ, আনিছুল ইসলাম মণ্ডল, শাহরিয়ার আলম প্রমুখ অংশ নেন।বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, দেশীয় চলচ্চিত্রের মানোন্নয়ন ও প্রতিযোগিতা সৃষ্টির জন্য অন্তত ১০ থেকে ২০ শতাংশ বিদেশি চলচ্চিত্র আমদানি করা প্রয়োজন।সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, তথ্য কমিশনের প্রধানসহ তথ্য কমিশনারদের নিয়োগ ও তাঁদের পদমর্যাদা নির্ধারণের কাজ শেষ হয়েছে। অস্থায়ীভাবে আগারগাঁওয়ের প্রত্নতত্ত্ব ভবনে এর দপ্তর স্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে দেশে দুর্নীতি-দুঃশাসন কমবে।