বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ছয় ঘণ্টা সম্প্রচার কার্যক্রম চালুর দাবি
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের ছয় ঘণ্টার সম্প্রচার কার্যক্রম দ্রুত চালুর ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ‘সম্মিলিত শিল্পীসমাজ—বেতার ও টেলিভিশন, চট্টগ্রাম’ নামের একটি সংগঠন। এ কার্যক্রম চালুর পথে বাধাদানকারী দুষ্টুচক্রকে চিহ্নিত করারও দাবি জানান সংগঠনের নেতারা।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে এই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহল আমীন নিজে স্মারকলিপি নেন এবং জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল জলিল।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠার দুই দশক পার হয়ে গেলেও বিটিভির চট্টগ্রাম কেন্দ্র দর্শক প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। একঘেয়ে ও নিম্নমানের অনুষ্ঠান নির্মাণ, লুটপাটসহ নানা অনিয়মের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিশেষ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে এ কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম।
স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম কেন্দ্রের বর্তমান ব্যবস্থাপক জ্যাঁ-নেসার ওসমান দায়িত্ব নিয়ে ছয় ঘণ্টা সম্প্রচারের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেন। কিন্তু একটি ‘দুষ্টুচক্রের’ কারণে এগোতে পারছেন না।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শিল্পী পঙ্কজ বৈদ্য, ফরিদ বঙ্গবাসী, নজরুল ইসলাম, আলমগীর আলাউদ্দিন, দিদারুল ইসলাম, দীপেন চৌধুরী প্রমুখ।