২২ মে থেকে নামী ও মানসম্মত বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পাঠদান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সারা দেশে সম্প্রচার করা হবে। এই অনুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রচারের ব্যবস্থা করা হবে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।মন্ত্রী জানান, প্রাথমিক অবস্থায় রবি, সোম ও মঙ্গলবার সকাল নয়টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত এই পাঠদান সম্প্রচার করা হবে। ২২ মে সম্প্রচারের শুরুর দিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি, ২৩ মে গভ. ল্যাবরেটরি স্কুলের গণিত ও ২৪ মে উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে। পরবর্তী সময়ে বিটিভির ঘোষণা ও স্ক্রলের মাধ্যমে প্রচারসূচি জানিয়ে দেওয়া হবে। পরে মানসম্মত বিদ্যালয় ও বিষয়ের সংখ্যা বাড়ানো হবে।এই পাঠদান প্রচারের জন্য বিদ্যালয়গুলোতে টেলিভিশন দেওয়া হবে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিদ্যালয়ের পরিচালনা কমিটি কিংবা এলাকার দানশীল ব্যক্তিরা বিদ্যালয়গুলোতে টেলিভিশন দিতে পারেন। তা ছাড়া শিক্ষা বোর্ডগুলোও কিছু বিদ্যালয়ে টেলিভিশন দেবে। না হয় এলাকার সচ্ছল ব্যক্তি, যাঁদের বাড়িতে টেলিভিশন আছে, তাঁরা এক ঘণ্টার জন্য বিদ্যালয়ে টেলিভিশন দেবেন বলে আশা করি। পরে আস্তে আস্তে ব্যবস্থা হয়ে যাবে।’শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী মন্ত্রীর কথার রেশ ধরে বলেন, ‘পরবর্তী সময়ে আমরা সরকারের সংসদ টিভির সঙ্গেও শিক্ষাকে সম্পৃক্ত করতে পারি।’ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন জানান, তাঁরা তাঁদের বোর্ডের ১০ শতাংশ বিদ্যালয়ে টেলিভিশন দিতে পারবেন।বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী জানান, পুরো বিষয়ের পাঠ্যক্রমই ধারাবাহিকভাবে সম্প্রচার করা হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, উত্তরা রাজউক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ এস এম মুশফিকুর রহমান প্রমুখ।