দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার সময় আগামী শুক্রবার সকাল আটটায় শেষ হচ্ছে।
আজ বুধবার গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) আলোকে জারি করা নির্বাচন কমিশনের পরিপত্রে এ কথা জানানো হয়েছে। প্রচারণা নিষিদ্ধ থাকবে ভোট গ্রহণের দিন সকাল আটটা পর্যন্ত। এদিকে নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়া ছয়টি দলের প্রধান বা তাঁদের প্রতিনিধিরা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাবেন।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৮ ধারা অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর সময় থেকে পূর্ববর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। দশম সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে ৫ জানুয়ারি রোববার সকাল আটটায়। সেই হিসাবে শুক্রবার সকাল আটটা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ধরনের প্রচার-প্রচারণা চালানো যাবে না।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, সারা দেশের ৫৯টি জেলার ১৪৭টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮৯ জন প্রার্থী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ১২টি দল। ১৪৭টি আসনের মোট ভোটার সংখ্যা চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮ হাজার ২০৯ এবং ভোটকক্ষের সংখ্যা ৯১ হাজার ২১৩। ১৪৭টি আসনে একজন করে বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন।
জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ আজ বিকেলে সাংবাদিকদের বলেন, ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে।
সিইসি আরও জানান, নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য কমিশন কাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করবে।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, ১২টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও শুধু ছয়টি দলের প্রধান বা তাঁদের প্রতিনিধিরা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাবেন। কিসের ভিত্তিতে বাকি ছয়টি দলকে সুযোগ দেওয়া হচ্ছে না, সে সম্পর্কে কমিশন সচিবালয় থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্টরা জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা কম হওয়ায় ছয়টি দল এ সুযোগ পাচ্ছে না।
সুযোগ পাওয়া ছয়টি দলের মধ্যে আওয়ামী লীগ ৪০ মিনিট, জাতীয় পার্টি ২০ মিনিট এবং জাতীয় পার্টি-জেপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও বিএনএফ ১৫ মিনিট করে ভাষণ দেওয়ার সুযোগ পাবে। প্রচারণার সময় শেষ হওয়ার আগেই বিটিভি ধারণ করা ভাষণ সম্প্রচারের কাজ শেষ করবে। তবে ধারণ করা ভাষণ কখন শুরু হবে, তা বিটিভি কর্তৃপক্ষ ঠিক করবে।
ভাষণ দেওয়ার সুযোগ না পাওয়া দলগুলো হলো গণতন্ত্রী পার্টি (আসন ১টি), ন্যাশনাল আওয়ামী পার্টি (আসন ৬টি), বাংলাদেশ তরীকত ফেডারেশন (আসন ৩টি), গণফ্রন্ট (আসন ১টি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (আসন ১টি) ও বাংলাদেশ খেলাফত মজলিস (আসন ২টি)।