বিটিভির অনুষ্ঠান নির্মাতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় নিজ প্রতিষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একটি অনুষ্ঠানের নির্মাতা ও পরিকল্পনাকারী শহিদুল ইসলাম খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ চেয়ারে বসা অবস্থায় তাঁর হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, শহিদুলের কর্মচারীরা এ ঘটনা ঘটিয়েছেন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে আশুলিয়ার নবীনগরের কুরগাঁও এলাকায় নিজ বাড়িতে থাকতেন শহিদুল। উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের দোতলা বাড়ির নিচতলায় তাঁর প্রতিষ্ঠান ‘মিডিয়া ভিশন’।পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শহিদুল কাজ শেষে প্রতিদিন রাত আটটার দিকে বাসায় ফিরতেন। গত সোমবার রাতে তিনি বাসায় ফেরেননি। বিকেল থেকেই তাঁর মুঠোফোন ছিল বন্ধ। শেষে গতকাল সকালে পরিবারের সদস্যরা পুলিশসহ উত্তরায় গিয়ে দেখেন, শহিদুলের প্রতিষ্ঠানটির দরজা বাইরে থেকে তালা দেওয়া। পুলিশ বিকল্প চাবি দিয়ে দরজা খুলে শহিদুলের লাশ উদ্ধার করে। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ‘শহিদুলের পরিবারের বক্তব্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধারণা করছি, কর্মচারীরা এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর থেকেই তাঁরা পলাতক।’ পারিবারিক সূত্র জানায়, ‘পৌর দর্পণ’ নামে বিটিভির একটি অনুষ্ঠানের নির্মাতা ও পরিকল্পনাকারী ছিলেন শহিদুল। তবে ছয় মাস ধরে অনুষ্ঠানটি বন্ধ।