বিটিভির অনুষ্ঠানের মান উন্নয়নে বাধা খতিয়ে দেখতে উপকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানের মান উন্নয়নের বাধা খতিয়ে দেখতে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এই উপকমিটি গঠন করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় সরকারি প্রতিষ্ঠান বিটিভিকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। কমিটি মনে করে, বিটিভির অনুষ্ঠান মানসম্মত নয়। সভায় একাধিক সাংসদ বলেন, বিটিভির খবর এবং অনুষ্ঠানের মান না বাড়িয়ে বেসরকারি টেলিভিশনের সঙ্গে প্রতিযোগিতায় টেকা যাবে না। আর বিটিভির খবর জোর করে বেসরকারি টিভি চ্যানেলে চালিয়েও লাভ হবে না। খবর মানসম্পন্ন না হলে মানুষ ওই চ্যানেল দেখবে না।কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জয়নুল আবদিন ফারুক, শাহিন মনোয়ারা হক, রেজা আলী, সারাহ্ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ, বি এম মোজাম্মেল হক, শাহিরয়ার আলম এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।সভা শেষে ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, বর্তমানে বিটিভির সংবাদ পরিবেশনাসহ অন্যান্য অনুষ্ঠানের মান খারাপ। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য প্রতিষ্ঠানটির অনুষ্ঠানের মান আরও উন্নত করতে হবে। আর উন্নত করার ক্ষেত্রে বাধা কোথায়, তা খতিয়ে দেখতে রেজা আলীকে আহ্বায়ক এবং জয়নুল আবদিন ফারুক ও বি এম মোজাম্মেলকে সদস্য করে একটি উপকমিটি করা হয়েছে। কমিটি বিটিভির সামগ্রিক কর্মকাণ্ড পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবে। সূত্র জানায়, সভায় জয়নুল আবদিন সংসদীয় কমিটির কার্যপত্র হুবহু সংবাদপত্রে প্রকাশিত হওয়ার ঘটনা সম্পর্কে জানতে চান।