বিটিভির দর্শকদের ভোগান্তি
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নোয়াখালী উপকেন্দ্রের সম্প্রচারিত অনুষ্ঠানের শব্দ ঠিকভাবে শোনা যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে এ অবস্থা চলছে। উপকেন্দ্রটির আওতাধীন প্রায় ৬০ বর্গকিলোমিটার এলাকার দর্শকেরা বিটিভির অনুষ্ঠান উপভোগ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে। টিভি উপকেন্দ্র সূত্রে জানা গেছে, জেলার বেগমগঞ্জে বিটিসিএল উপকেন্দ্রের মাইক্রোওয়েভ লিংক এবং সেখানকার বিটিভির ট্রান্সমিটারে ত্রুটির কারণে কয়েক মাস ধরেই মাঝেমধ্যে অনুষ্ঠান শোনা যেত না। সাত-আট দিন আগে থেকে ট্রান্সমিটারের ত্রুটি আরও বাড়ে। সেনবাগের উত্তর শাহাপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলম অভিযোগ করেন, এক সপ্তাহের বেশি সময় ধরে তাঁরা বিটিভির অনুষ্ঠানে কোনো শব্দ শুনতে পাচ্ছেন না। কেবল শোঁ শোঁ শব্দ হচ্ছে। এতে টিভি খুললেই বিরক্ত লাগছে। বিটিভির অধিকাংশ অনুষ্ঠানই তাঁরা এখন দেখতে পারছেন না।নোয়াখালী উপকেন্দ্রের ইনচার্জ প্রকৌশলী হেলালুল আলম জানান, ট্রান্সমিটারটি অনেক পুরোনো। তাই এটি কিছুক্ষণ চালু থাকলেই সমস্যা দেখা দেয়। এর ফলেই অডিও সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।