বিটিভির ফটকে ককটেল নিক্ষেপ, তিনটি যানে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন ভবনের (বিটিভি) ফটকে গতকাল সোমবার রাতে ককটেল নিক্ষেপ করেছে হরতাল-সমর্থকেরা। এ ছাড়া বিভিন্ন স্থানে তিনটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল আরোহী দুই যুবকের একজন বিটিভি ভবনের প্রধান ফটকে একটি ককটেল ছুড়ে মারেন। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শেখ নাজমুল হক প্রথম আলোকে বলেন, কর্তব্যরত পুলিশ গুলি ছুড়লে হামলাকারীরা আরও একটি ককটেল ছুড়ে পালিয়ে যান।তিনটি যানে আগুন: ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, রাত সাড়ে আটটার দিকে ফার্মগেটে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে যাত্রীরা নিরাপদে নেমে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এর প্রায় আধা ঘণ্টা আগে পল্লবী বাসস্ট্যান্ডের কাছে হরতাল-সমর্থকেরা যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। রাত ১১টার দিকে আগারগাঁওয়ের তালতলায় একটি ট্যাক্সিক্যাবে আগুন দেয় দুর্বৃত্তরা।ককটেল বিস্ফোরণ: সন্ধ্যায় তেজগাঁওয়ে কলমিলতা মার্কেটের সামনে হরতাল-সমর্থকদের ছোড়া ককটেলের আঘাতে মাসুদুর রহমান নামের একজন পথচারী গুরুতর আহত হন। তাঁকে পঙ্গু হাসপাতালে) ভর্তি করা হয়েছে।সন্ধ্যার পর রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া বিকেল সাড়ে চারটা থেকে রাত ১০টা পর্যন্ত রমনা ভবনের সামনে, মিরপুর, ফকিরাপুল, বিজয়নগর, মালিবাগ ও পল্টন এলাকায় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে।