বিটিভির ৫০ বছর পূর্তি আজ সপ্তাহব্যাপী অনুষ্ঠান
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) আজ ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে আজ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিটিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা তিনটায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
রাজধানীর রামপুরায় বিটিভির প্রধান কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের তথ্য তুলে ধরেন বিটিভির মহাপরিচালক আবদুল মান্নান।
সাত দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে শোভাযাত্রা, বাউল মেলা, কবি, লেখক ও শিল্পীদের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যানে সুবর্ণজয়ন্তীর ‘কার্নিভাল’।
এ ছাড়া বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিটিভির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ অনুষ্ঠান, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐহিত্য তুলে ধরে অনুষ্ঠান, সাতজন বিশিষ্ট নাট্যকারের নাটক প্রচার, সাতজন বিশিষ্ট শিল্পীর একক সংগীতানুষ্ঠান, সাত দিনে সাতটি বিশেষ আড্ডা ইত্যাদি। বিটিভির আর্কাইভ থেকে নেওয়া সাতটি জনপ্রিয় অনুষ্ঠানও প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সংবাদ ও অনুষ্ঠান প্রচারে বিটিভিকে ঢেলে সাজানো হবে। ৫০ বছরের অভিজ্ঞতা পুঁজি করে বিটিভিকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে।
শিল্পী মুস্তাফা মনোয়ার বিটিভিকে অন্যান্য টিভি চ্যানেলের অনুষ্ঠান নকল (কপি) না করার আহ্বান জানান। একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে বিটিভিকে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তথ্যসচিব মরতুজা আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও রামেন্দু মজুমদার।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বিটিভির যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে দুটি পূর্ণাঙ্গ কেন্দ্র (ঢাকা ও চট্টগ্রাম) ও ১৪টি উপকেন্দ্রে বিটিভির কার্যক্রম পরিচালিত হচ্ছে। টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইটে চলা বিটিভি বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ এলাকায় দেখা যায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।