বিটিসিএল কর্মচারীদের আন্দোলন স্থগিত
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের আশ্বাসে আন্দোলন কর্মসূচি আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) (সাবেক বিটিটিভি) মাস্টাররোল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি। গতকাল বুধবার সংগঠনটি কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়।
বিটিসিএলে অস্থায়ী ভিত্তিতে চাকরি করা ১ হাজার ৮৫৭ শ্রমিক-কর্মচারীর চাকরি স্থায়ী করার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা ১১টায় রমনা টেলিফোন ভবনের (গুলিস্তান টেলিফোন এক্সচেঞ্জ) সামনে সমাবেশ করে সংগঠনটি। এরপর জাতীয় প্রেসক্লাবের সামনে আবার সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখান থেকে একটি প্রতিনিধিদল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বরাবর স্মারকলিপি দিতে সচিবালয়ে যায়। এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাঁদের দাবি-দাওয়া বাস্তবায়নে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহ পর আবার শ্রমিক-কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। এই আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়।
দাবি আদায়ে সংগঠনটি ১১ জানুয়ারি থেকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। বিজ্ঞপ্তি।