বিটিসিএল-কর্মীদের ভবিষ্যৎ এখন আদালতের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তা-কর্মচারীদের চাকরির ভবিষ্যৎ এখন নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর। এক বছর ধরে চাকরির নিয়োগ ও স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও সরকারপক্ষ পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। ফলে উভয় পক্ষের দফায় দফায় আবেদন আদালত পর্যন্ত গড়িয়েছে। কিন্তু সরকারপক্ষের আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। টেলিযোগাযোগ-সচিব ও বিটিসিএলের চেয়ারম্যান সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের নতুন নিয়োগ বা পুনর্বিন্যাস করা হবে। কিন্তু পুরো বিষয়টি আদালতের শুনানির তারিখের ওপর নির্ভর করছে বলে জানান তিনি।ইতিমধ্যে বিটিসিএলের নতুন সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) ও কোম্পানি চাকরি বিধিমালা (সার্ভিস রুল) কোম্পানির পরিচালনা পর্ষদে অনুমোদন পেয়েছে। সাংগঠনিক কাঠামোর ১২টি স্তরে কোম্পানির জনবল নির্ধারণ করা হয়েছে আট হাজার ৭০৩ জন। বিটিসিএল চাকরি বিধিমালা ২০১১ সম্পর্কে প্রতিষ্ঠানের বোর্ড চেয়ারম্যান বলেন, সরকারি চাকরির মতো করে কোম্পানি চাকরিতে সুবিধা দেওয়া হবে। কোনো কোনো ক্ষেত্রে বেশি সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।আন্দোলন-প্রতিবাদ: নতুন সাংগঠনিক কাঠামোতে জনবল কম রাখা এবং চাকরি বিধিমালায় কী ধরনের সুবিধা ও নিয়ম রয়েছে, তা স্পষ্ট না করায় এক বছর ধরে আন্দোলন করছে বিটিসিএলের শ্রমিক-কর্মচারীদের সংগঠনগুলো। প্রথমত, বিসিএস টেলিকম ক্যাডারের সদস্যরা সুযোগ-সুবিধাসংবলিত সরকারি চাকরি ছাড়তে চাচ্ছেন না। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন অধিকাংশ কর্মকর্তা। কারণ, সরকারি চাকরি ছেড়ে প্রত্যেককে কোম্পানির নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী বেসরকারি চাকরিতে যোগ দিতে হবে। এতে চাকরি-পরবর্তী সরকারি সুবিধা তাঁরা পাবেন না। পাশাপাশি বিসিএস টেলিকম ক্যাডারের সদস্যরা এভাবে একযোগে সরকারি চাকরি ছেড়ে দিলে বিসিএস টেলিকম ক্যাডার সার্ভিস বিলুপ্ত হয়ে যাবে।বিসিএস টেলিকম সমিতির সাধারণ সম্পাদক এম এ তালেব বলেন, ‘আইনত কোনো ক্যাডার সার্ভিস বিলুপ্ত হতে পারে না। সাংগঠনিকভাবে আমাদের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে রয়েছে। আমরা সরকারি চাকরি বা আমাদের ক্যাডার সার্ভিস ছেড়ে কোম্পানি বিটিসিএলে যোগ দেব না।’ দ্বিতীয়ত, ওয়ার্কচার্জড ও ক্যাজুয়াল (অস্থায়ী) কর্মচারীরা আন্দোলন করছেন চাকরির স্থায়িত্বের দাবিতে। গত ২০ জুন কোম্পানির বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়, কোম্পানির প্রয়োজনে শূন্যস্থানে অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে। আর ক্যাজুয়াল কর্মচারীদের মাস্টার রোলের আওতায় আনা হবে। কিন্তু এতেও খুশি নন সংশ্লিষ্ট কর্মচারীরা। কারণ কারও সঙ্গে আলোচনা করে চাকরি বিধিমালা তৈরি করা হয়নি। বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুকিত অভিযোগের আঙুল তুলেছেন টেলিযোগাযোগ-সচিবের দিকে। কর্মকর্তাদের বিকল্প পরামর্শ: বিসিএস টেলিকম সমিতির সাধারণ সম্পাদক এম এ তালেব জানান, ভারতে টেলিযোগাযোগ খাতের সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে যাওয়ার পর সরকারি পর্যায়ে ‘ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (ডট) নামে একটি সংস্থা গঠন করা হয়েছে। ওই সংস্থার অধীনে টেলিকম ক্যাডার সার্ভিসের সদস্যরা টেলিযোগাযোগ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশেও একই ব্যবস্থা নেওয়া যেতে পারে।এক বছর ধরে বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের ২৬ দফা দাবির মধ্যে ‘ডট’ একটি বিষয় হলেও এ নিয়ে এখনো মাথা ঘামায়নি সরকার। জানতে চাইলে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘সংস্থাপন, বাণিজ্য, অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয়কে একসঙ্গে বিষয়টি নিয়ে ভাবতে হবে।’ ২০০৮ সালের ৩০ জুন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডকে (বিটিটিবি) ভেঙে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) গঠনের ঘোষণা দেওয়া হয়।