বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ৫৭তম বোর্ডসভায় ওয়ার্কচার্জড ও ক্যাজুয়াল শ্রমিকদের জন্য নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ)। অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিল করা না হলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় বিটিসিএল কর্তৃপক্ষকে বহন করতে হবে বলে ইউনিয়নের নেতারা সতর্ক করেছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সিবিএর নেতারা বলেন, গত ২০ জুন বিটিসিএলের বোর্ডসভায় প্রায় চার হাজার ওয়ার্কচার্জড ও ক্যাজুয়াল কর্মচারীকে কোম্পানিতে ১ জুলাই থেকে আত্তীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিএর সভাপতি মো নুরুল আজাদ ও সম্পাদক এস এম এ মুহিত বলেন, শ্রমিক-কর্মচারীদের ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে এসব অর্থহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, আদালতের রায় অনুযায়ী এখনো কোম্পানির বিধিমালা-নিয়মকানুন আদালতে জমা দেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়, ১০ হাজার স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর চাকরির বিষয়ে কোনো ধরনের নীতিমালা না করে এবং তড়িঘড়ি করে ক্যাজুয়াল ও ওয়ার্কচার্জড কর্মচারীদের বিষয়ে সিবিএ ও শ্রম আইনকে পাশ কাটিয়ে বিটিসিএল এসব সিদ্ধান্ত নিয়েছে। এতে করে যেকোনো সময় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেবে।