বিটিসিএল: চাকরি নিয়ে চিন্তিত কর্মকর্তা-কর্মচারীরা
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) কর্মরত বিসিএস টেলিকম ক্যাডারের ৪৫০ জনকে স্থানান্তরের বিষয়ে সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। এ অবস্থায় তাঁরা চাকরি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এদিকে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ শূন্য থাকায় এবং নতুন অর্গানোগ্রামের জন্য এখনো নিয়োগ বিধিমালা তৈরি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা অনিশ্চয়তায় রয়েছেন।এদিকে বিটিসিএলের নিয়োগ বিধিমালা তৈরি, এমডি নিয়োগ এবং বিসিএস টেলিকম ক্যাডারের কর্মকর্তাদের সরকারি খাতে স্থানান্তরের দাবিতে গত বৃহস্পতিবার টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছেন কর্মকর্তারা।জাতীয় সংসদে ‘দ্য বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (সংশোধনী) আইন-২০০৯’ পাস করে ২০০৮ সালের ১ জুলাই থেকে টেলিকম ক্যাডারের কর্মকর্তাদের মূল কর্মক্ষেত্র বিটিটিবিকে রূপান্তর করা হয় বিটিসিএলে। ওই আইনে বিসিএস ক্যাডারসহ সব কর্মকর্তা-কর্মচারীর চাকরি বিটিসিএল গঠনের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য কোম্পানিতে চাকরি বাধ্যতামূলক করা হয়। গত ৩০ জুন ওই মেয়াদ শেষ হলে তাঁদের জুলাই পর্যন্ত কাজ করতে বলা হয়। এখন সময়সীমা ২৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে। বিসিএস টেলিকম ক্যাডারের কর্মকর্তারা কেবল বিটিসিএলেই রয়েছেন। সরকারি মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি টেলিটকে এই ক্যাডারের যে কয়জন সদস্য লিয়েনে বা অন্যত্র প্রেষণে কাজ করছিলেন তাঁরাও বিটিসিএলে ফিরেছেন। টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কোনো ক্যাডার সার্ভিসই বিলুপ্ত হবে না। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। ক্যাডার কর্মকর্তাদের কাছে ‘অপশন’ (পছন্দ) জানতে চাওয়া হয়েছে, সবার কাগজপত্র পেয়ে সময়োচিত ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য কিছুটা সময়ও বাড়ানো হয়েছে। দ্রুত এসব সমস্যার সমাধান হবে। বিধিমালা প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে বোর্ড ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেবে। নিয়োগপ্রাপ্ত এমডি অন্যদের নিয়োগ দেবেন। তাই আগে এমডি নিয়োগের বিধিমালা প্রস্তুত করা হয়েছে।টেলিকম ক্যাডারের কর্মকর্তারা জানান, গত ২৮ জুন তাঁরা নিজেদের অপশন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিটিসিএলের বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবসারুল আলমের কাছে পৌঁছে দিয়েছেন। ২৯ জুন মন্ত্রণালয় থেকে ‘চাকরি বৃত্তান্ত’ লেখাসংবলিত একটি করে অপশন লেটার পাঠানো হয়েছে, যা পাঠানোর জন্য সময়সীমা ২৯ জুলাই থেকে বাড়িয়ে ২৯ আগস্ট করা হয়েছে। তাঁরা বলেন, শতকরা ১০০ জনই সরকারি চাকরি করবেন বলে মতামত দিয়েছেন। কারণ কোম্পানি কোনো ধরনের নীতিমালা তৈরি করেনি। কী কী সুযোগ-সুবিধা পাবে, বা চাকরি-পরবর্তী কোনো সুবিধা রয়েছে কি না, এসব না জেনে কে কোম্পানি ক্ষেত্রে ‘অপশন’ দেবে।বিসিএস টেলিকম সমিতির সাধারণ সম্পাদক এম এ তালেব বলেন, ‘এর আগে অপশন বাছাইয়ের সময়সীমা ছিল ২৯ জুলাই পর্যন্ত। তা বাড়িয়ে ২৯ আগস্ট করা হয়েছে। কিন্তু আমরা কীভাবে কাজ করব, তার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সরকারের কোনো পর্যায়ে এ নিয়ে নড়াচড়াও নেই, যা দুঃখজনক।’টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, দ্রুত বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে।